বুকের ধনকে বাঁচাতে বুকের দুধ বিক্রি

সন্তান খুব অসুস্থ। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে তার। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে বিল। তাই অসহায় মা-বাবা সন্তানের জন্য দ্রুত অর্থ জোগাড়ে পথে নেমেছেন। পথে পথে ঘুরে মা তাঁর বুকের দুধ বিক্রি করছেন।
শিশুটি চীনের গোয়াংদং প্রদেশের একটি বড় শহর শেনজেনের সরকারি হাসপাতাল বাওয়ে চিকিৎসাধীন। এ নিয়ে বিবিসি অনলাইন ৫ ফেব্রুয়ারি প্রতিবেদন করে।
এই অসহায় মা-বাবার এক ভিডিও মিয়াওপাই ভিডিও ওয়েবসাইটে পোস্ট করে পিয়ার ভিডিও। সেখানে এই মা-বাবা বলেন, তাঁদের যমজ সন্তান হয়েছে। এর মধ্যে এক সন্তান হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়ছে। তার চিকিৎসার জন্য অন্তত এক লাখ ইউয়ান জোগাড় করতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ লাখ ৩১ হাজার ৯৮৪ টাকা। শিশুটির মা বলেন, দ্রুত অর্থ জোগাড় করতে তিনি নিজের বুকের দুধ বিক্রি করছেন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম সিনা ওয়েবুতে ভিডিওটি শেয়ার হওয়া পর্যন্ত এটি ২৪ লাখের বেশিবার দেখা হয়েছে। এর নিচে পাঁচ হাজারের বেশি মন্তব্য পড়েছে।
এই দম্পতি বলেন, ‘এরই মধ্য হাসপাতালে বিরাট অঙ্কের অর্থ বকেয়া পড়েছে। চিকিৎসক বলেছেন, সন্তানকে পুরোপুরি সারিয়ে তুলতে আমাদের আরও এক লাখ ইউয়ান প্রস্তুত রাখতে হবে।’
এই ভিডিও ছড়িয়ে পড়ায় গত কয়েক বছরের চীনের স্বাস্থ্যসেবা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বলা হচ্ছে, মেডিকেল সেন্টারগুলো অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। এমনকি অপেক্ষমাণদের টপকে আগে সেবা পেতে লোকজন অতিরিক্ত অর্থও দিচ্ছে।
ভিডিও নিয়ে বেশির ভাগই মানুষ মানবিক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। অনেকেই সহানুভূতি প্রকাশ করে ভিডিওটি ‘সেল মিল্ক, সেভ গার্ল’ নাম দিয়ে শেয়ার করেছেন। অনেকেই পথচারীদের অনুরোধ করেছেন এই দম্পতিকে সাহায্য করতে।
এর মধ্যে একটি মন্তব্যে তিন হাজার লাইক পড়েছে। সেখানে লেখা হয়েছে, ‘যদি সমাজের সবচেয়ে নিচু স্তরের কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের জন্য মৌলিক অধিকারটুকু (চিকিৎসা) পর্যন্ত নেই।’
তবে কেউ কেউ আবার তেমন সহানুভূতির দেখাননি। একজন মায়ের এই সিদ্ধান্তের ভর্ৎসনাও করেছেন। তাঁর মতে, এটি ‘সাহায্য চাওয়ার অশ্লীল উপায়।’ আরেকজন লিখেছেন, ‘প্রত্যেকেই আপনাদের অসহায়ত্ব বুঝতে পারবে এবং আশা করছি সাহায্যও পাবেন। কিন্তু আপনি বুকের দুধ বিক্রি করে নিজের মর্যাদা কীভাবে ধরে রাখবেন।’
একজন আবার এই নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘এটাই সন্তানের প্রতি সবচেয়ে অসহায় মা-বাবার ভালোবাসা...যাঁরা তাঁদের সম্পর্কে বাজে মন্তব্য করছেন, তারা কি ভেবে দেখেছেন, নিজের সন্তানের ক্ষেত্রে এমন হলে আপনি কি আপনার মর্যাদা রক্ষা করতেন, নাকি সন্তানের জীবন?’