বৃহত্তম উভচর উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিমানটি আকাশে যেমন উড়বে, তেমনি চলবে পানিতেও। বিশ্বের সবচেয়ে বড় এই উভচর উড়োজাহাজ বানিয়েছে চীন। এ কাজে সাত বছর লেগেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উভচর উড়োজাহাজটি সমুদ্রে বিভিন্ন উদ্ধার অভিযানে ব্যবহার করা যাবে। কাজে লাগবে দাবানল মোকাবিলায়ও। এজি৬০০ বিমানটি আকারে বোয়িং ৭৩৭-এর প্রায় সমান। এটি এখন দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে রাখা হয়েছে।

সরকারি বিমান নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) উপমহাব্যবস্থাপক গেং রুগাং বলেন, চীনের বিমানশিল্পে নতুন সংযোজন এজি৬০০। বেইজিংয়ের কর্তৃপক্ষ ২০০৯ সালে এটি নির্মাণের অনুমতি দেয়।

সিনহুয়া জানায়, উভচর বিমানটির সর্বোচ্চ ফ্লাইট রেঞ্জ সাড়ে চার হাজার কিলোমিটার। আর এটি ২০ সেকেন্ডে ১২ টন পানি সংগ্রহ করতে পারে। উড্ডয়নের সময় এই আকাশযানের ওজন হয় সর্বোচ্চ ৫৩ দশমিক ৩ টন।

অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সরঞ্জাম নির্মাণের গবেষণায় চীন বেশ জোর দিয়েছে। এসবের মধ্যে রয়েছে ডুবোজাহাজ বা সাবমেরিন, বিমানবাহী রণতরি, স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইত্যাদি। গত জুনে দেশটি নিজেদের নির্মিত একটি সুবিশাল পরিবহন বিমান চালু করেছে। চীনের এ ধরনের পদক্ষেপে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্তাব্যক্তিদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বেইজিং নিজেদের শক্তি বৃদ্ধি করছে।