বেইজিংকে সতর্ক করল টোকিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান গতকাল বুধবার চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ব্যাপকভাবে জমি পুনরুদ্ধার করলেও বেইজিংকে এটা ভাবা ঠিক হবে না যে তারাই এর চূড়ান্ত মালিক। ওই এলাকায় কৃত্রিম দ্বীপ নির্মাণের একতরফা পদক্ষেপ উত্তেজনা বাড়াবে বলেও মন্তব্য করেছে টোকিও। খবর এএফপি ও রয়টার্সের।
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জে কিছু জমি পুনরুদ্ধারের কাজ শিগগিরই শেষ করা হবে বলে গত মঙ্গলবার ঘোষণা দেয় চীন। এমন প্রেক্ষাপটে জাপানের ওই মন্তব্য এল। ওই এলাকাকে সামরিকীকরণ না করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছেন, বেইজিং এমন পদক্ষেপ নিলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি রয়েছে।
জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা টোকিওতে সাংবাদিকদের বলেন, ‘বিদ্যমান অবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে একতরফা পদক্ষেপে আমারা গভীরভাবে উদ্বিগ্ন। এতে করে উত্তেজনা বাড়াতে বাধ্য। (চীন) জমি পুনরুদ্ধারের কাজ শেষ করলেও আমরা কোনোভাবেই তাকে চূড়ান্ত মালিকানা হিসেবে মানব না। আমরা এমন কোনো একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার দাবি জানাচ্ছি, যা অপরিবর্তনযোগ্য ও ভৌত পরিবর্তন আনবে।’
একতরফাভাবে ও বলপ্রয়োগের মাধ্যমে বিরোধপূর্ণ এলাকাগুলোতে বিদ্যমান অবস্থায় পরিবর্তন আনতে চীনের প্রচেষ্টাকে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে জাপান। পূর্ব চীন সাগরের মালিকানা নিয়ে টোকিওর সঙ্গে বেইজিংয়ের আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছে। তবে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বেইজিংয়ের মূল বিরোধ ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানের সঙ্গে। পাশাপাশি ওই সাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন উপস্থিতি রয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, চীন গত ১৮ মাসে দক্ষিণ চীন সাগরে দুই হাজার একরের একটি কৃত্রিম দ্বীপ বানিয়েছে। প্রবালদ্বীপের ওপরে বালু ফেলে এই দ্বীপ বানানো হয়েছে। আর ফিলিপাইন গতকাল বলেছে, চীন ওই এলাকায় তিন কিলোমিটারের একটি রানওয়ের নির্মাণকাজ ‘৭৫ শতাংশ সম্পূর্ণ’ করেছে। এটি একটি বোয়িং-৭৪৭ মডেলের উড়োজাহাজ ওঠানামা করার জন্য যথেষ্ট। এটাকে চীন অগ্রবর্তী অভিযান ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। সেখানে চীনা জাহাজ ও আকাশযানগুলোর জন্য জ্বালানি ভরার ব্যবস্থা করা হতে পারে। এতে করে চীন ফিলিপাইনের উপকূলের পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ প্রশান্ত সাগরের অন্য এলাকাগুলোকেও নিজেদের নাগালের আওতায় নিতে সক্ষম হবে।