বেইজিংয়ে বড়দিনে পশ্চিমাদের ওপর হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইজিংয়ের ব্যস্ত বিপণি এলাকা সানলিথুয়ানে গতকাল চীনা পুলিশের ‘তুষার চিতা কমান্ডো ইউনিটের’ কড়া পাহারা l ছবি: রয়টার্স
বেইজিংয়ের ব্যস্ত বিপণি এলাকা সানলিথুয়ানে গতকাল চীনা পুলিশের ‘তুষার চিতা কমান্ডো ইউনিটের’ কড়া পাহারা l ছবি: রয়টার্স

চীনের বেইজিংয়ের সানলিথুয়ান এলাকায় বড়দিন উদ্যাপনের সময় সেখানে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের ওপর হামলা হতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রসহ অন্তত চারটি পশ্চিমা দেশ নিজ নিজ নাগরিকদের সতর্ক করেছে। বেইজিংয়ে দূতাবাসগুলোর এ ধরনের সতর্কতা জারির ঘটনা বিরল।
যে দেশগুলো সতর্কতা জারি করেছে সেগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া। খবর এএফপি ও রয়টার্সের।
মার্কিন দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, সানলিথুয়ান এলাকায় আজ বড়দিন বা দু-এক দিন পরে পশ্চিমাদের ওপর হামলা হতে পারে বলে তাদের হাতে আগাম তথ্য এসেছে। বাকি তিনটি দেশও একই ধরনের সতর্কতা দিয়েছে।
দূতাবাসগুলো জানায়, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে সানলিথুয়ান এলাকার পানশালা ও বিপণিবিতানগুলোতে পশ্চিমা নাগরিকদের ওপর হামলা হতে পারে। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে তাদের নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলীয় দূতাবাসও যুক্তরাষ্ট্রের ওই বার্তা নিজস্ব ওয়েবসাইটে উল্লেখ করে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। যুক্তরাজ্য একই ধরনের সতর্কতা জারি করেছে। দূতাবাসগুলো থেকে অবশ্য সতর্কতা জারি সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
সানলিথুয়ান এলাকা পানশালা, রেস্তোরাঁ ও বিপণিবিতানের জন্য বিখ্যাত। তাই বিদেশিদের আনাগোনাও সেখানে বেশি লক্ষ করা যায়।
বেইজিংয়ে বিদেশিদের ওপর হামলার ঘটনা খুবই বিরল। তবে সানলিথুয়ান এলাকার পানশালা ও রেস্তোরাঁগুলোতে মাঝে মাঝে মারামারির ঘটনা ঘটে। গত আগস্টে এমনি এক সংঘর্ষে এক ফরাসি যুবক ও তাঁর চীনা স্ত্রীকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায়। পরে ওই নারী মারা যান।
দূতাবাসগুলোর সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে বেইজিংয়ে এবং বিশেষ করে সানলিথুয়ান এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ শহরে ইয়েলো অ্যালার্ট (চার স্তরের সতর্কতার দ্বিতীয়টি) জারি করেছে। পুলিশের মাইক্রোব্লগিং সাইটে এক বার্তায় জানানো হয়েছে, ‘সামাজিক শৃঙ্খলা রক্ষার’ জন্য শহরের বড় ও মাঝারি বিপণিবিতানগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। ওই সতর্কতা নববর্ষ উদ্যাপন পর্যন্ত বলবৎ থাকবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সানলিথুয়ান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা প্রধান বিপণিবিতানের সামনে সশস্ত্র অবস্থান নিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বলেন, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। সরকার বিদেশিদের নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রতিটি বিপণিবিতানে তল্লাশি বাড়ানো হবে। এ ছাড়া আবর্জনা ফেলার স্থানগুলো আধা ঘণ্টা অন্তর তল্লাশি করা হবে।
বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ২০১৩ সালে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই পর্যটক নিহত হন। আরোহীরা নিজেরাই গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এতে ওই তিন যাত্রীরও মৃত্যু হয়। সরকার এ ঘটনার জন্য ‘বিচ্ছিন্নতাবাদী মুসলিম সন্ত্রাসীদের’ দায়ী করেছে। পুলিশ বলেছে, ওই তিন আরোহীই জাতিগত উইঘুর মুসলিম-অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের বাসিন্দা। ওই ঘটনার পর শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরকারিভাবে নিরীশ্বরবাদী দেশ চীনে বড়দিনে সরকারি ছুটি নেই। তবে দেশটির তরুণ প্রজন্ম বেশ ঘটা করে বড়দিনের উৎসব উদ্যাপন করে। এই দিনটিকে তারা পশ্চিমা ফ্যাশন চর্চা ও নিজেদের মধ্যে উপহার আদান-প্রদানের সুযোগ হিসেবে গ্রহণ করে থাকে।