বেইজিংয়ে 'পশ্চিমাদের' জন্য সতর্কতা
বড়দিনকে সামনে রেখে চীনের রাজধানী বেইজিংয়ের অদূরের শহর সানলিথুয়ানে অবস্থানরত ‘পশ্চিমাদের’ ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় আজ বৃহস্পতিবার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বেইজিংয়ে অবস্থানরত দেশটির সব নাগরিককে সতর্ক থাকার অনুরোধ করেছে। একই ধরনের সতর্কবার্তা প্রকাশ করে যুক্তরাজ্যের দূতাবাস জানিয়েছে, তারা বড়দিনে চীনে বসবাসরত পশ্চিমাদের ওপর সম্ভাব্য হামলার তথ্য পেয়েছে। ফ্রান্সের দূতাবাসও যুক্তরাষ্ট্রের দেওয়া সতর্কবার্তা ফরাসি নাগরিকদের কাছে পৌঁছে দিয়েছে।
শহরটির পুলিশ বিভাগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সানলিথুয়ানে আজ এক হলুদ সতর্কবার্তা জারি করেছে। এটি চার ধাপের সতর্কবার্তার দ্বিতীয় ধাপ। সেখানে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের কেন্দ্র সানলিথুয়ানে শপিং সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ যখন জনগণের নিরাপত্তার ব্যাপারে গুরুত্বপূর্ণ হুমকির তথ্য পায়, তখন এই হলুদ সতর্কবার্তা জারি করা হয়। এটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা সমাজের নিরাপত্তার ক্ষেত্রেও হতে পারে।
পুলিশ বলছে, সামনের ছুটির দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কবার্তা নতুন বছরও জারি থাকতে পারে। এই সতর্কতা কেনাকাটা, উৎসব উদযাপন ও বিনোদনমূলক কার্যক্রম বাড়াতে সাহায্য করবে।
কেনাকাটা ও নৈশকালীন প্রমোদের জন্য বিদেশিদের কাছে সানলিথুয়ানে খুবই জনপ্রিয় এলাকা। এলাকাটিতে বিদেশিদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত আগস্টে এক চীনা নাগরিকের ছুরিকাঘাতে এক ফরাসি নাগরিক ও তাঁর চীনা স্ত্রী আহত হয়েছিলেন। পরে আহত ওই চীনা নারীর মৃত্যু হয়।