বেকার যুবকের মৃত্যুতে উত্তপ্ত তিউনিসিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বেকার যুবকের মৃত্যুকে ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ‘আরব বসন্ত’ নামে পরিচিত সংস্কারকামী গণ-আন্দোলনের সূতিকাগার তিউনিসিয়া। গত বুধবার দেশটির অনুন্নত শহর কাসেরাইনে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ দেখান শত শত বেকার যুবক। খবর এএফপির।
বিক্ষোভকারীরা চরম বেকারত্বের সমাধান চেয়ে বুধবার কাসেরাইন শহরে সরকারি দপ্তরগুলোর সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখান। কিছুসংখ্যক বিক্ষোভকারী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে।
এখন থেকে ঠিক পাঁচ বছর আগে তিউনিসিয়ারই সিদি বুয়াজিদ শহরে পুলিশের হয়রানি ও বেকারত্বের প্রতিবাদে শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী তরুণ মোহাম্মেদ বুয়াজিজি।
এ বিক্ষোভ-উত্তেজনার শুরু গত শনিবার। সেদিন রিধা ইয়াহিয়াউয়ি (২৮) নামের এক বেকার যুবক কাসেরাইনের গভর্নর অফিসের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। সরকারি চাকরির জন্য মনোনীত কর্মীদের তালিকা থেকে নাম কেটে দেওয়ার প্রতিবাদে এ কাজ করেন ওই যুবক।