বেপরোয়া পথচারীকে লজ্জা দিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাফিক আইন ভেঙে রাস্তা পার হওয়া লোকজনের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সবুজ টুপি
ট্রাফিক আইন ভেঙে রাস্তা পার হওয়া লোকজনের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সবুজ টুপি

চীনা সংস্কৃতিতে পুরুষের সবুজ রঙের টুপি পরার অর্থ স্ত্রী বা প্রেমিকা তাঁকে ঠকিয়ে অন্য কারও সঙ্গে প্রেম করছেন! এ কারণেই সজ্ঞানে কোনো চীনা পুরুষের সবুজ টুপি পরার কথা নয়। বেপরোয়া পথচারীদের শায়েস্তা করতে তাই একেই অস্ত্র করেছে দেশটির গুয়াংডং প্রদেশের পুলিশ বাহিনী।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ব্যস্ত নগর শেনঝেনে গাড়ির ভিড় ঠেলে ইচ্ছামতো রাস্তা পার হন অনেক মানুষই। এভাবে ট্রাফিক আইন ভেঙে রাস্তা পার হওয়া লোকজনের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সবুজ টুপি আর জ্যাকেট হাতে ওত পেতে থাকা পুলিশ। দায়িত্বজ্ঞানহীন পথচারীদের লজ্জা দিতে চলতি মাসেই শেনঝেনের পুলিশ কর্মকর্তারা এ উদ্যোগ নেন। তবে পদক্ষেপটি কার্যকর করতে বেগ পেতে হচ্ছে পুলিশ বাহিনীর। লোকের চোখে ছোট হওয়ার ভয়ে সবুজ টুপি পরতে রাজি হতে চান না অনেকেই। আইন অমান্যকারী পথচারীদের এক-তৃতীয়াংশই টুপি পরতে চাইছেন না; বরং এর বদলে ২০ ইউয়ান জরিমানা দিতেও রাজি তাঁরা।
স্থানীয় পুলিশের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের কেবল ছয় মাসেই বেপরোয়া পথচারীর সংখ্যা ১ লাখ ২৭ হাজারে পৌঁছেছে। ট্রাফিক পুলিশের সংকেত অমান্যকারীদের বেশির ভাগেরই বয়স ৩০-এর নিচে। শহরের কর্মব্যস্ত সময়ে এই নিয়মভঙ্গের ঘটনাগুলো বেশি ঘটে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: বিবিসি।