‘বেপরোয়া’ বক্তব্য, দ. কোরিয়াকে সতর্কবার্তা উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের শুরু থেকেই ব্যাপক হারে অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
ফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ায় হামলা চালানো নিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার ঘোষণা দিয়েছিল দক্ষিণ কোরিয়া। দেশটির এমন ঘোষণাকে আজ রোববার ‘বেপরোয়া’ বলে আখ্যা দিয়েছে পিয়ংইয়ং। এ কারণে দক্ষিণ কোরিয়া মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। খবর এএফপির

গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ ওক বলেন, তাঁর সেনাবাহিনীর হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে ও দ্রুততার সঙ্গে আঘাত করার সক্ষমতা রয়েছে।

প্রতিবেশী দেশের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। দেশটির সরকারের একজন উপদেষ্টাও তিনি। কিম ইয়ো জং বলেন, আগাম হামলা নিয়ে তাঁর (দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষমন্ত্রী) বেপরোয়া ও অসংযত বক্তব্য আন্তকোরীয় সম্পর্কের আরও অবনতি করবে ও কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বাড়াবে।

এ সময় হুঁশিয়ারি দিয়ে কিম ইয়ো জং বলেন, প্রতিরক্ষামন্ত্রীর বেপরোয়া বক্তব্যের কারণে দক্ষিণ কোরিয়া মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। বিপর্যয় এড়াতে চাইলে দেশটিকে শৃঙ্খলার আওতায় আসতে হবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার ওই বক্তব্য ঘিরে কিম ইয়ো জংয়ের সঙ্গে সুর মিলিয়েছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সচিব পাক জং চোন। হুঁশিয়ারি দিয়ে গতকালই তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রধান লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী প্রস্তুত থাকবে। তবে লক্ষ্যবস্তুগুলো সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি এই কর্মকর্তা।

চলতি বছরের শুরু থেকেই ব্যাপক হারে অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত মাসেই দেশটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষপণ করে। এর আগে ২০১৭ সালে সর্বশেষ এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া।

এদিকে আগামী মাসেই ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে নির্বাচনী প্রচারণার সময় তিনি ‘প্রয়োজন পড়লে’ উত্তর কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। এ ছাড়া কিম জং উনকে ‘শিষ্টাচার শেখানোর’ প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউন সুক–ইওল।