বের করে আনা হলো ৪ কিশোরকে, অভিযানে বিরতি

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলারের মধ্যে একে একে চারজনকে বাইরে এনেছেন উদ্ধারকারীরা। আর এতে উৎকণ্ঠা কমছে পরিবারগুলোর। এদিকে স্থানীয় সময় আগামীকাল সোমবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে।
আজ রোববার উদ্ধারকাজ শুরু হওয়ার পর এখন পর্যন্ত চারজনকে গুহা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ভেতরে আটকে রয়েছে আট কিশোর ফুটবলার এবং তাদের কোচ। ১৫ দিন ধরে এরা গুহায় আটকে আছে। উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দল ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব কথা বলা হয়েছে।
তবে এর আগে উদ্ধারকারী দল ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছিল, থাইল্যান্ডের গুহা থেকে ছয় কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী দলের প্রধান নারংসাক ওজতনাকন সাংবাদিকদের বলেন, ‘উদ্ধার করে আনা চার কিশোর সবাই সুস্থ আছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হবে। নতুন করে উদ্ধারকাজ শুরু করতে প্রস্তুতির জন্য ১০ ঘণ্টা সময় প্রয়োজন। কারণ, অক্সিজেন ট্যাংক ভর্তি করাসহ কিছু কাজ করতে হবে আমাদের।’ তিনি বলেন, ‘এটা একটা বড় সাফল্য। এ অভিযানে অনেকেই আমাদের সহায়তা করছেন।’
আবহাওয়া ও সময়ের বিরুদ্ধে যুদ্ধ
থাইল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত ও ঝড় হতে পারে। সে ক্ষেত্রে গুহার ভেতরে আরও পানি ঢুকে কিশোর দলটি উদ্ধারের ঝুঁকি বেড়ে যেতে পারে। উদ্ধারকারীরা এ অভিযানকে ‘আবহাওয়া ও সময়ের বিরুদ্ধে যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন। সবাই আশা করছেন যেন আবহাওয়া অনুকূলে থাকে। আর তাই সাংবাদিকদের নারংসাক ওজতনাকন বলছেন, ‘যদি আবহাওয়া অনুকূল থাকে তবে আমরা সোমবার উদ্ধারকাজ শুরু করব।’

দুর্বল কিশোরকে প্রথমে উদ্ধার
বিবিসির খবরে বলা হয়, ডুবুরি দল প্রথমে সবচেয়ে দুর্বল কিশোরকে গুহা থেকে বের করে আনে। থাই নৌবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে দুর্বল কিশোরকে প্রথমে জীবিত উদ্ধারের কথা বলা হয়। আরও বলা হয়, চারজনকে উদ্ধার করা হয়েছে।
থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার করা চারজনকে এখন চিকিৎসকেরা পরীক্ষা করে দেখছেন। উদ্ধার হওয়া ফুটবলার সুস্থই আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল গুহায় প্রবেশ করে। চিকিৎসকদের পরামর্শে প্রথমে সবচেয়ে দুর্বল কিশোর ফুটবলারকে বের করে আনা হয়। এরপর তিন ঘণ্টা পর একে একে অপর তিনজনকে বের করে আনা হয়। উদ্ধারকারীদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোট ৯০ জন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। এর মধ্য ৪০ জন থাইল্যান্ডের এবং ৫০ জন বিদেশি। চারটি দলে ভাগ করে ১৩ জনের দলটিকে উদ্ধারে রোববার অভিযান চলেছে।
এদিকে উদ্ধার কার্যক্রমের সফলতা কামনা করে থাইল্যান্ডজুড়ে প্রার্থনা করা হচ্ছে। গুহার মুখে পর্যাপ্ত অক্সিজেন, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
কিশোরদের মুখে মুখোশ
সিএনএনের খবরে বলা হয়েছে, গুহা থেকে কিশোর ফুটবলারদের মুখে মুখোশ পরিয়ে বের করে আনা হয়েছে। তাদের নিরাপত্তার কথা ভেবে এ কাজ করা হয়েছে। আর এ উদ্ধার কাজকে ঝামেলাহীন বলছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
থাইল্যান্ডের দীর্ঘতম গুহার একটি থাম লুয়াং। গত ২৩ জুন বেড়াতে গিয়ে বন্যার কারণে সৃষ্ট প্লাবনে আটকা পড়ে ফুটবল দলটি। এর ৯ দিন পর ২ জুলাই তাদের জীবিত থাকার খবর দেন উদ্ধারকারী দলের সদস্যরা। তারা গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টি এবং এতে সৃষ্ট বন্যায় ডুবে যায় গুহামুখ। ভেতরেও ঢুকে পড়ে পানি। প্রথমে ধারণা করা হচ্ছিল, এই গুহায় কিশোরের দল মাসব্যাপী থাকতে পারবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা করা হচ্ছে, আবারও বৃষ্টির পানি গুহায় ঢুকে যেতে পারে। তাই দ্রুত তাদের বের করে আনতে রোববার উদ্ধার অভিযান শুরু হয়।
প্রথমে ডুবসাঁতারের মাধ্যমে তাদের বের করে আনার কথা ভাবা হয়েছিল। কিন্তু বেশির ভাগ কিশোর সাঁতার জানে না। ডুবসাঁতারের মাধ্যমে কীভাবে পাঁচ-ছয় ঘণ্টার কাদাযুক্ত ও অনেক স্থানের সংকীর্ণ পথ পাড়ি দিয়ে তারা বাইরে আসবে, তা নিয়ে সংশয় দেখা দেয়। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে সামান কুনান নামের এক ডুবুরি আটকে পড়া ব্যক্তিদের অক্সিজেন সরঞ্জাম দিয়ে ফেরার পথে মারা যান। ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়। সব মিলিয়ে গত শুক্রবার উদ্ধার পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসে। কিশোরদের কাছে পৌঁছাতে গুহার পাহাড়ের পেছনের দিকে অনেকগুলো জায়গায় খনন শুরু হয়। গতকাল পর্যন্ত ছোট-বড় মিলিয়ে শতাধিক গর্ত খনন করা হচ্ছে। তবে রাতেই আবারও বৃষ্টি হয় এবং আরও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। তাই কর্তৃপক্ষ যা করার আজই করতে হবে বলে সিদ্ধান্ত নেয়।