বেরোনোর কোনো পথ নেই: আত্মগোপনকারী আফগান সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবুলে ঢোকার পরপরই আফগান গোয়েন্দা কর্মকর্তাদের খোঁজে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে তালেবান
ফাইল ছবি: এএফপি

তালেবানের অগ্রযাত্রার মধ্যে গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য অন্য দেশে পাড়ি জমিয়েছেন। অনেকে সমঝোতার মাধ্যমে আত্মসমর্পণ করে ঘরে ফিরেছেন। কেউ কেউ অস্ত্র হাতে পক্ষ ত্যাগ করে তালেবানের দলে যোগ দিয়েছেন।

তাঁরা সবাই ভেঙে পড়া আফগান নিরাপত্তা বাহিনীর অংশ। তালেবানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের দুই দশকের প্রচেষ্টার এ প্রতিষ্ঠান ধসে পড়েছে মাত্র কয়েক দিনে।

কিন্তু লাখো আফগান সেনা, কমান্ডো ও গোয়েন্দা, যাঁরা শেষ পর্যন্ত লড়ে গেছেন, তাঁরা এখন পালিয়ে আছেন। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগান বাহিনী মাঠ ছেড়ে পালিয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর ওই সদস্যদের এখন খুঁজছে তালেবান। জীবন বাঁচানোর জন্য আত্মগোপন করে আছেন তাঁরা।

তালেবানের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা একজন আমেরিকান সেনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন ফরিদ নামের একজন আফগান কমান্ডো। তিনি লিখেছেন, ‘বের হওয়ার কোনো পথ নেই।’ নামের প্রথম অংশ প্রকাশে সম্মতি দেওয়া ওই আফগান কমান্ডো জানিয়েছেন, তাঁর সঙ্গে সেনা ইউনিট আত্মসমর্পণ করার পর তিনি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় আত্মগোপন করেন। এখন নিরুপায় হয়ে শুধু প্রার্থনা করছেন যেন তিনি রক্ষা পান।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সঙ্গে মিলে যুদ্ধ এবং তাদের পক্ষে কাজ করেছেন—এমন ব্যক্তিদের তালিকা করে তালেবান তল্লাশি চলছে। এটা বিশ্বের সামনে তারা যে নিরীহ চেহারা তুলে ধরার চেষ্টা করেছিল, তার বিপরীতে রক্তপিপাসুর চেহারা তুলে ধরছে। সাবেক আফগান কর্মকর্তাদের ভাষ্যমতে, তালেবান যেসব ব্যক্তির খোঁজে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে, তাঁদের না পেলে পরিবারের সদস্যদের ধরে নেওয়া বা শাস্তি দেওয়া হবে বলে হুমকি দিচ্ছে। জাতিসংঘের জন্য তৈরি করা একটি গোপন প্রতিবেদনে এ বিবরণ উঠে এসেছে। ওই প্রতিবেদন যিনি তৈরি করেছেন, তিনি আগে আফগানদের সঙ্গে কাজ করেছেন। এখন প্রাণের ভয়ে পালিয়ে বেড়ানো অনেক আফগানের সঙ্গে কথা বলেছেন তিনি। যাঁরা তাঁর সঙ্গে কথা বলেছেন, তাঁদের অধিকাংশই নাম প্রকাশ করতে চাননি। আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা বন্ধু ও স্বজনদের রক্ষা করতে নিজেদের পরিচয় গোপন করতে বলেছেন তাঁরা।

সাবেক আফগান কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সার্ভিসের সদর দপ্তর থেকে পাওয়া রেকর্ডের ভিত্তিতে লোকজনকে খুঁজছে তালেবান। এসব ব্যক্তিকে ধরে আনার জন্য তালেবানকে তালিকা করে দেওয়া হচ্ছে। অনেক খবর রয়েছে যে তালেবান যখন এসব ব্যক্তির কাউকে পাচ্ছে, তখন দ্রুতই প্রাণঘাতী প্রতিশোধ নিচ্ছে তারা।

কতসংখ্যক আফগান সেনা ও নিরাপত্তা কর্মকর্তা পালিয়ে আছেন, সে বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি। কয়েক ডজন আফগান বৈমানিক পালিয়ে উজবেকিস্তানে গেছেন। গত রোববার তালেবান কাবুল দখল করার দিনই ২২টি উড়োজাহাজ ও ২৪টি হেলিকপ্টারে প্রায় ৬০০ মানুষ দেশটিতে গিয়েছিলেন বলে উজবেকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। সাবেক আফগান কর্মকর্তাদের তথ্যমতে, একইভাবে অনেকে ইরানেও গিয়েছেন। তবে তাঁদের সংখ্যা জানা যায়নি।

আমেরিকান স্পেশাল ফোর্সের দোভাষী হিসেবে কাজ করা একজন বলেছেন, তাঁর সামনেই বিদেশি বাহিনীর হয়ে কাজ করেছেন—এ সন্দেহে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের ওই ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজনের মরদেহ রাস্তায় পড়ে আছে। বলা হচ্ছে, নিহত এসব ব্যক্তির অনেকে আফগান সেনা ও কর্মকর্তা এবং তালেবান তাঁদের হত্যা করেছে। আরটিএও এখন তালেবানের নিয়ন্ত্রণে।

কতসংখ্যক আফগান সেনা ও নিরাপত্তা কর্মকর্তা পালিয়ে আছেন, সে বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি। কয়েক ডজন আফগান বৈমানিক পালিয়ে উজবেকিস্তানে গেছেন। গত রোববার তালেবান কাবুল দখল করার দিনই ২২টি উড়োজাহাজ ও ২৪টি হেলিকপ্টারে প্রায় ৬০০ মানুষ দেশটিতে গিয়েছিলেন বলে উজবেকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। সাবেক আফগান কর্মকর্তাদের তথ্যমতে, একইভাবে অনেকে ইরানেও গিয়েছেন। তবে তাঁদের সংখ্যা জানা যায়নি।

কাগজপত্রের হিসাবে আফগান নিরাপত্তা বাহিনীতে তিন লাখের মতো সদস্য ছিলেন। তবে দুর্নীতি, অনিয়ম ও হতাহতের কারণে তাঁদের মাত্র ছয় ভাগের এক ভাগ এ বছর তালেবানবিরোধী লড়াইয়ে ছিলেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

তালেবান দেশ দখলের পর কোনো ক্ষতি করবে না বলে আশ্বাস দেওয়ার পর নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেন। ঐতিহাসিকভাবে আফগান যুদ্ধের সাধারণ চিত্র এটি। তালেবান এখন সেনাবাহিনীর ১৮ হাজার কমান্ডো, যাঁদের অনেকে আত্মসমর্পণ করেননি, তাঁদের পাশাপাশি গোয়েন্দা সার্ভিস এবং জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের কর্মকর্তাদের নিশানা করছে বলে ধারণা করা হচ্ছে।

এসব ব্যক্তির অনেকে পানশির উপত্যকায় আশ্রয় নিয়েছেন। রাজধানী কাবুলের ১৫০ কিলোমিটার উত্তরের এ এলাকায় তালেবান বাহিনীকে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। কাবুল দখলের মধ্যে দেশ ত্যাগ করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে এ প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। সেখানে দুই থেকে আড়াই হাজার ব্যক্তি আশ্রয় নিয়েছেন বলে জানানো হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুই দশক আগে পানশিরের মুজাহিদ নেতা আহমাদ শাহ মাসউদ তালেবানের বিপরীতে বছরের পর বছর ধরে এই উপত্যকা নিয়ন্ত্রণে রেখেছিলেন। ওই অঞ্চলেই ২০০১ সালে যুক্তরাষ্ট্রের অভিযানের জন্য গোয়েন্দা ও স্পেশাল অপারেশনস ফোর্সকে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন পানশিরে ভারী অস্ত্রের অভাব রয়েছে। আহমাদ শাহ মাসউদের মতো সবার কাছে গ্রহণযোগ্য নেতারও অভাব রয়েছে সেখানে।

এদিকে কাবুল বিমানবন্দরে আফগান জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের বেশ কয়েক শ কমান্ডো আমেরিকান সেনাদের উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন। চুক্তি অনুযায়ী কাবুল বিমানবন্দর থেকে আফগানদেরই সবার শেষে উড়িয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ‘তারা বিমানবন্দরে বীরের মতো ভূমিকা রাখছে।’
আফগান জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের কমান্ডোদের ভয় পাওয়ার যৌক্তিক কারণ রয়েছে। এই ইউনিটের সদস্যরা অনেক তালেবান যোদ্ধা ও কমান্ডোকে হত্যা করেছেন। তালেবান যোদ্ধারা এর শোধ নিতে চাইছেন।

গত রোববার কাবুলে ঢোকার পরপরই তালেবান যোদ্ধারা জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করেন। সাবেক একজন আফগান কর্মকর্তার তথ্যমতে, সম্প্রতি দেশত্যাগ করা জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের সাবেক প্রধান রহমাতুল্লাহ নাবিলের বাড়িতে তল্লাশির জন্য বৈদ্যুতিক যন্ত্র নিয়ে যান তালেবান সদস্যরা।

সন্ত্রাস দমন বিভাগের আরেক কর্মকর্তার বাসভবনে তালেবান একটি চিঠি রেখে আসে। সেখানে তাঁকে তালেবানের সামরিক ও গোয়েন্দা কমিশনের কাছে রিপোর্ট করতে বলা হয়। ১৬ আগস্টের ওই চিঠির বিষয় জাতিসংঘের জন্য তৈরি করা প্রতিবেদনে উঠে এসেছে।

সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তারাই তালেবান নেতাদের খুঁজে বের করতে নিয়োজিত কমান্ডোদের কাজ দেখভাল করতেন। বাসভবনে ফেলে আসা তালেবানের চিঠিতে বলা হয়, ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান আপনাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করছে।’

ওই কর্মকর্তা তালেবানের কাছে রিপোর্ট না করলে তাঁর পরিবারকে আটক করে শাস্তি দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

(নিউইয়র্ক টাইমস অবলম্বনে আজিজ হাসান)