বেল মন্দিরটির আর কিছুই অবশিষ্ট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

আইএসের হামলায় সিরিয়ার প্রাচীন শহর পালমিরার বেল মন্দিরটি একেবারে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্যাটেলাইট ইমেজ দেখে তারা এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।
গত রোববার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা বেল মন্দিরটির কিছু অংশ গুঁড়িয়ে দিয়েছে।
বিবিসির খবরে জানা যায়, আরও পরীক্ষার পর জাতিসংঘের স্যাটেলাইট বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে দেখা গেছে মন্দিরটির আর কিছুই অবশিষ্ট নেই। সেখানকার কর্মকর্তা এইনার বোজোরগো আজ মঙ্গলবার বিবিসিকে বলেন, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে, পালমিরার এই মন্দিরের প্রধান ভবনটিই ধসে গেছে।
গতকাল সোমবার সিরিয়ার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের প্রধান মামুন আবদাল করিম বলেন, বেল মন্দিরে বড় ধরনের বিস্ফোরণ হলেও এর বেশির ভাগ অংশ অক্ষত রয়েছে। তবে তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। স্যাটেলাইট ইমেজ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পর জাতিসংঘ নিশ্চিত হয় যে, মন্দিরটির আর কিছুই অবশিষ্ট নেই।
আইএস জঙ্গিরা এ মাসেই দুই হাজার বছরের পুরোনো পালমিরার দুটি মন্দির ধ্বংস করল। এর আগে ২৫ আগস্ট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাল শামিন মন্দির ধ্বংস করে তারা।

এ বছরের মে মাসে পালমিরা দখল করে আইএস। এরপর থেকে বিশ্বজুড়ে শঙ্কা তৈরি হয়েছিল, তারা প্রাচীন রোমান সাম্রাজ্যের ঐতিহ্যপূর্ণ এই নগরটি ধ্বংস করে ফেলবে। শহর দখলের পর এর কিছু কিছু স্থাপনা ধ্বংস করে ফেলার খবর পাওয়া যাচ্ছিল। তবে বাল শামিন মন্দির ধ্বংসের পর আইএসের পক্ষ থেকেই সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়।

আগস্ট মাসের শুরুর দিকে পালমিরা শহর দেখভালের সঙ্গে যুক্ত থাকা ৮২ বছর বয়সী প্রত্নতত্ত্ববিদ খালেদ আল-আসাদকে গলা কেটে হত্যা করে আইএস জঙ্গিরা। পরে তাঁর মরদেহ প্রাচীন একটি স্তম্ভের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

ঐতিহ্যের শহর: দুই হাজার বছরের বেশি সময় ধরে অনন্য সব মন্দির আর রাস্তাঘাট নিয়ে টিকে আছে পালমিরা। সিরিয়ার রাজধানী দামেস্কের ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ শহরটিতে আছে অপূর্ব সব মূর্তি, হাজার খানেক স্তম্ভ আর আছে পাঁচ শতাধিক সমাধিসৌধ। শহরটি মূলত একটি মরূদ্যান। সিরিয়ায় পালমিরার পরিচিতি ‘তাদমুর’ নামে। এর অর্থ হচ্ছে ‘খেজুরের শহর’। এ শহরটি ছিল মূলত দূর পথযাত্রীদের বিশ্রাম নেওয়ার স্থান। খ্রিষ্টপূর্ব প্রথম শতক থেকে পরবর্তী ৪০০ বছর পালমিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়, মূলত মসলা, সুগন্ধি, রেশম আর হাতির দাঁত শিল্পের ব্যবসার জন্য।