বেসামরিক মানুষের বধ্যভূমি আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ২০১৫ সালে যুদ্ধে সাত বছরের মধ্যে রেকর্ড সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ গতকাল রোববার এ তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
আফগানিস্তানে জাতিসংঘের অ্যাসিসটেন্স মিশনের প্রধান নিকোলাস হেইসন গতকাল জানান, ২০১৫ সালে যুদ্ধে ৩ হাজার ৫৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময় আহত হয় ৭ হাজার ৪৫৭ জন। হতাহতের এ সংখ্যা ২০১৪ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাহিনীর বড় অংশ সরিয়ে নেওয়ার ফলে আফগানিস্তানজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার কারণেই হতাহতের এ সংখ্যা বৃদ্ধি বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।
নিকোলাস হেইসন বলেন, ‘বেসামরিক নাগরিকদের হতাহতের এ ঘটনা একেবারে অনভিপ্রেত।’
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা বাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষের মধ্যে পড়ে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছে। ৩৭ শতাংশ হতাহতের ঘটনাই ঘটেছে স্থল সংঘর্ষে। এর পাশাপাশি রাস্তার পাশের বোমা বিস্ফোরণে ঘটেছে ২১ শতাংশ ঘটনা এবং আত্মঘাতী হামলায় ঘটেছে ১৭ শতাংশ ঘটনা। এসব ঘটনায় সবচেয়ে বেশি, অর্থাৎ ৩৭ শতাংশ হতাহতের শিকার হয়েছে নারী ও শিশুরা। গত বছর শিশুদের হতাহতের ঘটনা বেড়ে গেছে ১৪ শতাংশ। আন্তর্জাতিক বাহিনীর হামলায় গত বছর ৯ শতাংশ বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়েছে। এর মধ্যে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা এমএসএফের হাসপাতালে হামলায় ৪২ জন কর্মী, রোগী এবং তাদের পরিবারের সদস্য নিহত হয়। এতে আহত হয় ৪৩ জন।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত বছর আন্তর্জাতিক বাহিনীর হামলায় সব মিলিয়ে ১০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় ৬৭ জন। প্রতিবেদনে ‘ইচ্ছাকৃতভাবে’ বেসামরিক নাগরিকদের জিম্মি করে তাদের হতাহতের জন্য তালেবানসহ সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করা হয়। আফগানিস্তানের কুন্দুজ এবং হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় ব্যাপক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।