বেহেশতে যাওয়ার লোভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেখায় মহিবুল্লাহকে অন্য সব আফগান কিশোরের মতোই মনে হবে। আয়ত চোখ, কোমল হাসি। বালকসুলভ স্বপ্ন‍ তার—বড় হয়ে একজন কিক বক্সার হবে। কিন্তু তালেবানের কুবুদ্ধিতে আত্মঘাতী হামলাকারী হতে গিয়ে সে এখন কিশোর সংশোধন কেন্দ্রে বন্দী। আত্মঘাতী হামলা চালালে সে শহীদের মর্যাদা পাবে। এতে বেহেশতে নসিব হবে, তালেবানের এই প্রলোভনে পড়ে বিপথগামী হয় সে।

১৫ বছরের এই কিশোরের মগজটা তালেবান এমনভাবে ধোলাই করে, ঠিক-বেঠিক বোঝার সুযোগ বা বয়স কোনোটাই নেই তার। কান্দাহারে অবস্থিত ওই বন্দিশালায় গিয়ে কিশোরটিকে নিয়ে একটি প্রতিবেদন করে বার্তা সংস্থা এএফপি। ওই প্রতিবেদনে উঠে এসেছে জঙ্গিগোষ্ঠীর মাধ্যমে কীভাবে একটি কিশোর শৈশবের আনন্দময় সময় পার করার বদলে জিহাদি হয়ে ওঠে। বেঁচে থাকার বদলে বেহেশতে যাওয়ার চিন্তায় মৃত্যুকে আলিঙ্গন করতে চায়।

মহিবুল্লাহর ভাষ্য, তাকে দলে ভেড়ানোর পর সম্ভবত পাকিস্তানের কোনো মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মতো অনেক ছেলেকে বোঝানো হতো, কেন জিহাদি হওয়া ভালো। বলা হতো, আত্মঘাতী হামলা চালিয়ে মারা গেলে সরাসরি বেহেশতে চলে যাওয়া যাবে। যেখানে কোনো কষ্ট নেই, আছে শুধু সুখ আর সুখ। চারপাশে সুস্বাদু সব খাবারের ছড়াছড়ি, সুন্দরী হুর-পরিদের আনাগোনা।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মহিবুল্লাহর মতো কিশোরেরা যে অনিশ্চয়তায় ভরা জীবন যাপন করে, তার তুলনায় বেহেশতকে তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে—এটাই স্বাভাবিক। কিশোরদের বর্তমান জীবনের দুঃখ-কষ্টকে পুঁজি করে তাদের স্বপ্নের ফাঁদে ফেলে আত্মঘাতী হতে উদ্বুদ্ধ করেছে তালেবান।

মগজ ধোলাইয়ের এমন প্রশিক্ষণ শেষে এই কিশোরদের মাঠে নামানো হয়। কিশোর মহিবুল্লাহর দায়িত্ব পড়ে জেলা গভর্নর কার্যালয়ে আত্মঘাতী হামলা চালানোর। আর এতে সফল হতে পারা মানেই সরাসরি বেহেশতে চলে যাওয়া। চিরদিনের জন্য সুখের জীবন পাওয়া। কিন্তু মহিবুল্লাহর জীবনটা তেমন হয়নি। ২০১৪ সালে ওই কার্যালয়ে আত্মঘাতী হামলা চালাতে গেলে পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিশোর বলে ওই সময় তাকে কিশোর সংশোধন কেন্দ্রে কাটানোর নির্দেশ দেওয়া হয়। সেই থেকে মহিবুল্লাহ এখানেই আছে।

তালেবান মহিবুল্লাহর মতো কিশোরদের পাকিস্তানে নিয়ে যে মগজ ধোলাই করে, এর সঙ্গে একমত পোষণ করেছেন আফগানিস্তানে আত্মঘাতী হামলাকারীদের নিয়ে সিআইএর একটি প্রতিবেদন প্রস্তুতকারী ব্রায়ান উইলিয়ামস। এ ছাড়া হিউম্যান রাইটস ওয়াচও একটি প্রতিবেদনে বলেছে, আফগানিস্তানের দীর্ঘমেয়াদি সংঘাতে নতুন বিভীষিকা সংযোজন করেছে রণকৌশল হিসেবে শিশুদের ব্যবহার।

মহিবুল্লাহর বাড়ি কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকে। বাড়িতে গিয়ে কিশোরের সম্পর্কে জানতে চাইলে তার মা দাবি করেন, তাঁর ছেলে নির্দোষ। যে ছেলে বিড়াল দেখলে ভয় পেত, সে কীভাবে আত্মঘাতী হামলাকারী হবে?

সেই প্রশ্ন তুললেন মা। জানালেন, ছয় ছেলেমেয়ের খাবারের জোগান দেওয়া তাঁর পক্ষে কষ্টকর। ছেলের সঙ্গে যখন তিনি দেখা করতে যান, তখন সে কাঁদে আর বলে বাড়ি নিয়ে আসতে।

ভাইয়ের সঙ্গে খেলাধুলা করে সময় কাটানোর কথা স্মরণ করে মহিবুল্লাহর ছোট ভাই এহসানউল্লাহ বলল, ‘আমি ভাইকে খুব মিস করি। বিশেষ করে ভাইয়ের সঙ্গে বক্সিং খেলা।’

কিশোর সংশোধন কেন্দ্রে মহিবুল্লাহকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে। এখন তাকে বক্সিং শেখানো হচ্ছে। এখানকার আইনি সেবা শাখার প্রধান আহমেদুল্লাহ সাদাত কিশোরটিকে আশ্বস্ত করেছেন, ‘তুমি যখন এখান থেকে বের হয়ে যাবে, তখন বড়া মাপের একজন বক্সার হবে।’