বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে ভূমিধসের পর উদ্ধার অভিযানে দেশটির পুলিশ বাহিনী। আজ আতামিতে।
ছবি: রয়টার্স

জাপানের টোকিওর দক্ষিণ–পশ্চিমের অবকাশকেন্দ্র হিসেবে পরিচিত শহর আতামিতে প্রচণ্ড বর্ষণ থেকে শুরু হওয়া ভূমিধসে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। ওই ঘটনার দুদিন পর উদ্ধারকাজ অব্যাহত থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে নতুন করে বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ লোকজনের উদ্ধারের জন্য চালানো অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। এই ভূমিধসে এখন পর্যন্ত দুজনের মৃত্যু খবর নিশ্চিত করেছে প্রশাসন।

আতামি পড়েছে শিজুওকা জেলার মধ্যে। স্থানীয় প্রশাসনের দেওয়া হিসাব অনুযায়ী, ভূমিধসের শুরুতে ১৬৭ ব্যক্তির নিখোঁজ থাকার তথ্য জানানো হয়। তাঁদের মধ্যে ৬৭ জনকে খুঁজে পাওয়ার তথ্য জানায় প্রশাসন। ফলে এখনো ৮০ জন নিখোঁজ রয়েছেন। জাপানের ফায়ার সার্ভিস, পুলিশ ও আত্মরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে বিক্ষিপ্ত ভারী বর্ষণ এখনো অব্যাহত থাকায় বিরতিহীন উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না।

স্থানীয় প্রশাসন মনে করছে, নিখোঁজ ৮০ জনের মধ্যে বেশ কয়েকজন হয়তো ইতিমধ্যে আতামি ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। তা সত্ত্বেও নিখোঁজ সবাইকে খুঁজে বের করার কাজ স্থানীয় প্রশাসন অব্যাহত রেখেছে।
এদিকে এতটা বড় ভূমিধসের পেছনে ভারী বর্ষণ ছাড়াও মানুষের চালানো উন্নয়ন কর্মকাণ্ড জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মধ্য জাপানের শিজুওকা জেলার পূর্বাঞ্চলীয় এলাকা ফুজি পর্বতমালাসংলগ্ন এবং পাহাড় ঘন গাছপালায় আচ্ছাদিত হওয়ায় সেখানে ভূমিধস এতটা প্রকট হওয়ার কথা নয় বলেও মনে করছেন অনেকে।

জাপানের কয়েকটি সংবাদমাধ্যম এই বিপর্যয়ের পেছনে ওই এলাকায় চালানো উন্নয়নকাজের হাত রয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে। প্রকাশিত খবরে এ রকম উল্লেখ করা হয়েছে যে পাহাড়ি এলাকায় আবাসন গড়ে তোলা ও অন্যান্য প্রকল্পের জন্য ভূমি উন্নয়নকাজে দরকার হওয়া আনুমানিক যে ৫৪ হাজার কিউবিক মিটার মাটি সেখানে জমা করে রাখা হয়েছিল। ভূমিধসের আংশিক কারণ হতে পারে এই মাটি।
শিজুওকা জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রায় এক লাখ কিউবিক মিটার মাটি ভেঙে কাছের একটি নদীতে এসে পড়ে এবং নদীর স্রোতে মিশে গিয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়। তবে সেই মাটিতে উন্নয়নকাজের জন্য জড়ো করা মাটি কি না, প্রশাসন অবশ্য তা উল্লেখ করেননি।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ও সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো বলেছেন, ভূমিধসের পেছনে উন্নয়ন প্রকল্পের মাটির কোনো ভূমিকা ছিল কি না, সরকার তা খুঁজে দেখবে। সরকারি কর্মকর্তাদের একটি দল অনুসন্ধানকাজ চালাতে বিশেষজ্ঞ এবং শিজুওকা জেলা প্রশাসনের সঙ্গে কাজ করবে।
এদিকে ভূমিধসে হতাহত হওয়ার ঘটনায় জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা টোকিওতে সাংবাদিকদের বলেছেন, ভূমিধসের নিচে এখনো যাঁরা আটকা পড়ে আছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাঁদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রাখা হবে।