বৈরুতে মাদকসহ ধরা পড়লেন সৌদি যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের বৈরুত বিমানবন্দরে গতকাল সোমবার বিপুল পরিমাণ মাদকসহ এক সৌদি যুবরাজ ও তাঁর চার সঙ্গীকে আটক করা হয়েছে। খবর এএফপির।
বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সূত্র জানায়, সৌদি যুবরাজ আবদেল মোহসেন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ এবং আরও চারজনকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে প্রায় দুই টন ক্যাপটাগন বড়ি এবং কিছু কোকেন পাচারের অভিযোগ আনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বৈরুত বিমানবন্দরে এত পরিমাণ মাদক ধরা পড়ার ঘটনা এর আগে ঘটেনি। নিষিদ্ধ এই মাদক মধ্যপ্রাচ্যেই বেশি ব্যবহৃত হয়। বলা হয়, সিরিয়ার গৃহযুদ্ধে নিয়োজিত যোদ্ধারা এর বড় ভোক্তা।
বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবের রিয়াদমুখী নিজস্ব বিমানে উঠানোর জন্য স্যুটকেসে এসব মাদক মজুত করা হয়েছিল। ধরা পড়া পাঁচজনকেই জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দরেই আটকে রাখা হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ৪০টি স্যুটকেসে করে মাদক পাচার করা হচ্ছিল।