বোমা মেরে দশ বন্দীকে হত্যা করল আইএস
আফগানিস্তানের কাবুলে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ১০ বন্দীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। গতকাল মঙ্গলবার জঙ্গিরা বর্বর এই হত্যাকাণ্ডের ভিডিওচিত্রও প্রকাশ করেছে।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের একটি অজ্ঞাত স্থানে চার মিনিটের এই ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, আদিবাসী সম্প্রদায়ের ১০ বন্দীকে আইএস সদস্যরা টেনেহিঁচড়ে একটি মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে। চোখ বাঁধা অবস্থাতেই তাঁদের একটি ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর শিরশ্ছেদ নয়, বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় ওই ১০ জনকে।
আফগান তালেবানের দাবি, তালেবান বা আফগান সরকারের সঙ্গে যোগাযোগ রাখায় ওই ১০ জনকে অপহরণ করে আইএস। আর শাস্তি হিসেবে তাঁদের এভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তালেবান জানায়, যাদের হত্যা করা হয়েছে তাঁরা নিষ্পাপ ও সাধারণ নাগরিক। তাঁদের হত্যা করা অন্যায় হয়েছে। এটা অনৈসলামিক কাজ।