বোমায় দুই তুর্কী সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে এক গাড়ি বোমা বিস্ফোরণে দুই সেনা নিহত হয়েছেন। ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পাশাপাশি নিষিদ্ধ কুর্দি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সরকারি অভিযানের প্রতিক্রিয়াতেই এ হামলা ঘটল বলে মনে করা হচ্ছে।
এদিকে পিকেকের বিরুদ্ধে তুরস্কের চলমান অভিযানকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি ও বিবিসির।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দিয়ারবাকিরের কাছে শনিবার দিবাগত রাতে সেনাদের ওপর ওই হামলা হয়। এতে চারজন আহত হয়েছেন। তুরস্কের সামরিক বাহিনী এ জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করেছে।
গত শনিবারও তুরস্কের জঙ্গি বিমান এবং স্থলবাহিনী সিরিয়ায় আইএসের ঘাঁটিতে এবং ইরাকে পিকেকের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তুরস্ক বলছে, আইএসকে নির্মূল করে উত্তর সিরিয়ায় উদ্বাস্তুদের আশ্রয় দিতে তারা একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে চায়।
তুরস্কের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বে রোডস বলেন, ‘সন্ত্রাসের সঙ্গে জড়িত যেকোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র পিকেকেকে অবশ্যই একটি সন্ত্রাসী সংগঠন মনে করে।’
আইএস-বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপ-বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক বলেছেন, পিকেকের ওপর সাম্প্রতিক বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে আইএস-বিরোধী সহায়তা জোরদার করার ব্যাপারে যে সমঝোতা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। গতকাল এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।
পিকেকের বিরুদ্ধে এ অভিযানের কারণে ২০১৩ সালে তুরস্ক সরকারের সঙ্গে কুর্দি বিদ্রোহীদের স্বাক্ষরিত শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর ফলে আঞ্চলিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করলেও যুক্তরাষ্ট্র উত্তর ইরাকের আঞ্চলিক কুর্দি সরকারের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে চলে।