ব্যাংককে মন্দিরের কাছে বিস্ফোরণে নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হিন্দু মন্দিরের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ব্যাংককের কেন্দ্রস্থলে ইরাওয়ান মন্দিরের সামনে রাচাপ্রাচাং সড়কে ওই বিস্ফোরণে অন্তত ১২০ ব্যক্তি আহত হন। হতাহত লোকজনের বেশির ভাগই বিদেশি পর্যটক।
থাইল্যান্ডের সরকার বলেছে, দেশের অর্থনীতি ও পর্যটন শিল্প ধ্বংসের জন্যই এ হামলা হয়েছে। তবে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি। খবর এএফপি ও রয়টার্সের।
একটি পাঁচ তারকা হোটেলের কাছে অবস্থিত ইরাওয়ান মন্দিরটি পর্যটকদের খুবই পছন্দের জায়গা। বিস্ফোরণের সময় সেখানে প্রচুর পর্যটক ছিলেন। বিস্ফোরণের পর আতঙ্কিত দর্শনার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করেন। সেখানে মানুষের ছিন্নভিন্ন শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। মন্দিরের সামনের রাস্তায় পড়ে ছিল পুড়ে যাওয়া কয়েকটি মোটর সাইকেল। পুলিশ জানায়, বোমাটি মোটরসাইকেলে পেতে রাখা হয়েছিল।
প্রতিরক্ষামন্ত্রী প্রাইত ওয়াংসুআন বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের অর্থনীতি এবং পর্যটন শিল্প ধ্বংস করতে চেয়েছিল। হামলার জন্য তাই পর্যটন শহরটির কেন্দ্রস্থলকেই বেছে নেওয়া হয়।
ইরাওয়ান হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা ব্রহ্মার মন্দির। তবে প্রতিদিন অনেক বৌদ্ধ পুণ্যার্থী মন্দিরটি দর্শনে যান। বিস্ফোরণস্থলের কাছেই দাঁড়িয়ে ছিলেন আলেসান্দ্রো উরসিক। তিনি বলেন, ‘আমি যখন এখানে আসি তার আগেই পুলিশ মাটিতে পড়ে থাকা লাশগুলো সরিয়ে নিয়ে গেছে। তবে এখনো এখানে রাস্তায় মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।’
বৌদ্ধপ্রধান থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মুসলিম জঙ্গিদের সীমিত আকারে তৎপরতা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলের বাইরে তারা খুব কম সময়ই হামলা চালায়। বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা এবং কখনো সংঘর্ষের ঘটনাও ঘটেছে এর আগে। সরকারবিরোধী প্রবল আন্দোলনের মুখে গত বছরের মে মাসে দেশটিতে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।