ব্যাংককের মন্দিরে গত সোমবারের হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক জড়িত নয়—এমনটাই দাবি করেছে থাইল্যান্ড। গতকাল বৃহস্পতিবার সরকারের মুখপাত্র এ কথা বলেছেন।
তবে এর আগের দিনই থাই পুলিশের প্রধান বলেছিলেন, সন্দেহভাজন হামলাকারী বড় সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য। আবার থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হামলাকারীকে ধরতে তারা ইন্টারপোলের সহায়তা চাইবে। খবর এএফপি ও বিবিসির।
সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের ইরাওয়ান ব্রহ্মা মন্দিরে হামলায় ২০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বিদেশি। গতকাল থাই সামরিক সরকারের মুখপাত্র কর্নেল উইনথাই সুভারি বলেন, থাই নিরাপত্তা বাহিনী বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মন্দিরে বিস্ফোরণে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের হাত নেই। তবে এর কোনো ব্যাখ্যা তিনি দেননি।
গত মঙ্গলবারই থাই কর্তৃপক্ষ মন্দিরের নিরাপত্তার জন্য ব্যবহার করা সিসিটিভির ফুটেজ প্রকাশ করে। সেখানে হলুদ টি-শার্ট পরা এক তরুণকে তাঁর সঙ্গে আনা ব্যাগ রেখে মন্দির ছেড়ে চলে যেতে দেখা যায়। ওই তরুণ মন্দির ত্যাগ করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। থাইল্যান্ডের পুলিশ সেদিনই এক অজ্ঞাতপরিচয় ‘বিদেশি’ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের হাত থাকার বিষয়টি আলোচিত হতে থাকে। থাই পুলিশের প্রধান জেনারেল সোমিয়াত পুমপানমং গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ব্যক্তি একটি বিশাল নেটওয়ার্কের সদস্য।