ব্যাংকটিই ভুয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো। ব্যাংকের মতোই সাজানো-গোছানো, নির্দিষ্ট পোশাকধারী কর্মী এমনকি অর্থ জমা দেওয়ার রসিদও একই। আর এটা করে গ্রাহককে ধোঁকা দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনাটি চীনের চীনের নানজিং শহরের। পিপলস ডেইলির বরাত দিয়ে বিবিসি অনলাইনে বলা হয়, ভুয়া এই ব্যাকের মাধ্যমে ৪০০ গ্রাহকের সাড়ে ৪৩ কোটি ইউয়ান (৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) আত্মসাতের দায়ে জেং এবং হি নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত।

পিপলস ডেইলি জানায়, আদালতে দ্বিতীয় দফার বিচারে অভিযুক্ত একজনকে নয় বছর এবং অপর জনকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আদলে আসলে একটি কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করছিলেন। এ ক্ষেত্রে তারা ব্যাংকের মতোই টাকা জমা ও উত্তোলনের জন্য রসিদ সরবরাহ করে। কিন্তু তাদের গ্রামীণ কো-অপারেটিভ সোসাইটি হিসেবে কাজ করার অনুমোদন থাকলেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বৈধতা ছিল না।

পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে গ্রামীণ অর্থনীতি বিকাশের লক্ষ্যে কৃষি পরামর্শ হিসেবে গ্রামীণ অর্থনৈতিক তথ্য পরিষেবায় সমবায় সমিতি গঠন করা হয়। ২০১৩ সালে তারা আকর্ষণীয় হারে মুনাফা দেওয়ার কথা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে শুরু করে। যদিও আমানত সংগ্রহ করার অনুমোদন তাদের ছিল না।

প্রতিষ্ঠাতাদের একজন হি। তিনি আগে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে কাজ করতেন। তিনিই মূলত ভুয়া ওই ব্যাংকের কর্মীদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনুকরণে সেবা দিতে কর্মচারীদের প্রশিক্ষণ দেন। ওই প্রতিষ্ঠানের সাবেক এক কর্মকর্তা সং। সংবাদমাধ্যমকে সং জানিয়েছেন, গ্রাহকেরা তাদের বিষয়ে কোনো কিছু জানতে চাইলে তারা সব ধরনের অনুমোদন আছে বলে তাদের আশ্বস্ত করতেন।

ওই সমবায় সমিতির জালিয়াতির বিষয়টি প্রথম ধরা পড়ে যখন একজন গ্রাহক তার জমাকৃত অর্থের অনুকূলে মুনাফা থেকে বঞ্চিত হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের পরই পুলিশ এ বিষয়ে গভীর অনুসন্ধান চালায়। তাতেই বেরিয়ে আসে আসল তথ্য।