ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইরানের
যুক্তরাষ্ট্রের চোখরাঙানিকে অগ্রাহ্য করে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। গতকাল শুক্রবার একাধিক নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এ বিষয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় বলা হয়, শুক্রবার তেহরানে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ সময় ‘খোরামশাহর’ নামের এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এর আগে এ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানালেও তা কখনো প্রদর্শন করেনি তেহরান। এ কুচকাওয়াজের কিছুক্ষণ পরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় তেহরান।
এ পরীক্ষার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি সুস্পষ্ট চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে ইরান। গত আগস্টে ট্রাম্প প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রেখে একটি আইন প্রণয়ন করে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সে সময়ই হোয়াইট হাউসের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছিল ইরান। কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বারবার ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হুঁশিয়ারি উচ্চারিত হলেও ইরান এতে কর্ণপাত করেনি। শুরু থেকেই নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দেশটি। সর্বশেষ গতকাল তেহরানে সামরিক কুচকাওয়াজ চলাকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আবারও এ প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘তুমি (আমেরিকা) চাও বা না চাও, আমরা আমাদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করব।’ এর আগে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হিসেবে তিনি বলেছিলেন, ‘২০১৫ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরান যে নিউক্লিয়ার চুক্তিতে পৌঁছেছে, তা বাতিল করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। এ জন্য তারা যেকোনো একটি অজুহাত খুঁজছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে হওয়া ওই চুক্তিতে ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংকোচন বা বাতিলের কথা বলা হয়নি।’
সংশ্লিষ্টরা বলছেন, গত বছর থেকে কার্যকর হওয়া নিউক্লিয়ার চুক্তি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তেমন কোনো বিধিনিষেধ আরোপ হয়নি। তবে চুক্তিটি কার্যকরের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আগামী আট বছর নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি না চালানোর জন্য ইরানকে বলা হয়।