ব্রাদারহুডের প্রধান বাদিসহ ১৪ জ্যেষ্ঠ নেতার মৃত্যুদণ্ড বহাল

মিসরের নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ ১৪ জ্যেষ্ঠ নেতার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন কায়রোর একটি আদালত। সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয়। একই ঘটনায় মিসরীয় বংশোদ্ভূত একজন মার্কিনসহ ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
টেলিভিশনে সম্প্রচারিত আদালতের এক অধিবেশনে গতকাল শনিবার ওই রায় ঘোষণা করেন মোহাম্মদ নাজি সেহতা নামের একজন বিচারক। কায়রো ফৌজদারি আদালতের বিচারক সেহতা এরই মধ্যে কয়েকটি মামলায় বহু ইসলামপন্থীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তিনি গতকাল যে মামলার রায় দিলেন, সেটি ‘রাবা নিয়ন্ত্রণকক্ষ’ মামলা নামে পরিচিত হয়েছে। এ মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ২০১৩ সালের জুলাই মাসে কায়রোর রাবা আল-আদাবিয়া স্কয়ারে শুরু হওয়া সহিংস বিক্ষোভের মূল পরিকল্পনাকারী মনে করা হয়। ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে ওই বিক্ষোভ হয়। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিলেন তখনকার সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি, যিনি বর্তমানে দেশটির প্রেসিডেন্ট।
মোহাম্মদ বাদির এর আগে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং আরেক মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে। গতকাল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিকের নাম মোহাম্মদ সুলতান। তিনি গত এক বছরের বেশি সময় ধরে আমরণ অনশনে রয়েছেন। ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা সালাহ সুলতানের ছেলে মোহাম্মদ সুলতানকে সাজা দেওয়া হয়েছে ব্রাদারহুডকে সমর্থন এবং ‘মিথ্যা খবর’ ছড়ানোর অভিযোগে। গতকাল যেসব জ্যেষ্ঠ ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড হয়েছে, তাঁদের মধ্যে সালাহ সুলতানও রয়েছেন।
গিজার ফৌজদারি আদালত গত ১৬ মার্চ ব্রাদারহুড নেতা বাদিসহ সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক রায় দিয়েছিলেন। আদালতের এ আদেশের বিরুদ্ধে মিসরের সর্বোচ্চ বেসামরিক আদালত কোর্ট অব ক্যাসেশনে আপিল করা যাবে। এ প্রক্রিয়ায় বিচার কার্যক্রম চূড়ান্ত হতে কয়েক বছর লেগে যেতে পারে। ২০১৩ সালে প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর থেকে এ পর্যন্ত মিসরে অনেককে দণ্ড দেওয়া হলেও মাত্র একজন ইসলামপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ব্রাদারহুডের নেতা-কর্মীদের ঢালাও বিচারের পাশাপাশি ধরপাকড় চালিয়ে দমন-পীড়ন করায় আন্তর্জাতিক সমালোচনা কুড়িয়েছে মিসর।