ব্রাদারহুডের ১৮৩ সমর্থকের ফাঁসি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের একটি আদালত নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সমর্থকের ফাঁসির আদেশ গতকাল সোমবার বহাল রেখেছেন। ২০১৩ সালে কায়রোর কাছের একটি পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। খবর এএফপির।

গত বছরের ডিসেম্বরে একই আদালত এ মামলায় প্রাথমিক রায় দিয়েছিলেন। দণ্ডিত ব্যক্তিরা কেরদাশা এলাকায় ১১ পুলিশ কর্মী হত্যার অভিযোগে অভিযুক্ত। গত জুলাই মাসে ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের বিক্ষোভের সময় ওই হামলা হয়। অভিযুক্ত ১৮৮ জনের মধ্যে ১৪০ জন এখন কারাগারে। আদালত থানায় হামলার ঘটনায় একজন অপ্রাপ্তবয়স্ককে ১০ বছর জেল দেন। দুজন অভিযোগ থেকে খালাস পান। মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতি এ রায়ে সম্মতি দিয়েছেন।

মুরসির নতুন বিচার: ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আরেকটি মামলার বিচারের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাতার ও আল-জাজিরা টেলিভিশনের কাছে ‘গোপন নথিপত্র’ ফাঁস করার অভিযোগে ১৫ ফেব্রুয়ারি এই বিচার শুরু হবে বলে মিসরের বিচার বিভাগীয় একটি সূত্র গতকাল জানিয়েছে।