মিসরের সিনাই উপদ্বীপে রাশিয়ার যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তে সেটির ককপিটের (চালকের স্থান) ‘অস্বাভাবিক কিছু শব্দ’ ধরা পড়েছে ব্ল্যাক বক্সে। এদিকে উড়োজাহাজটি বোমা হামলার শিকার হয়ে থাকতে পারে বলে গতকাল বুধবার জানিয়েছে যুক্তরাজ্য। খবর আল-জাজিরা ও বিবিসির।
গত শনিবার রাশিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ২২৪ জন আরোহীর সবাই নিহত হন। উড়োজাহাজটি মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ শহরে যাচ্ছিল।
রুশ উড়োজাহাজটি ‘বিস্ফোরক’ ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে—এমন উদ্বেগের প্রেক্ষাপটে শারম আল-শেখ ও যুক্তরাজ্যের মধ্যে ফ্লাইটগুলো বিলম্বিত করা হয়েছে বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তর জানিয়েছে।
এদিকে মিসরের অজ্ঞাতনামা এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ‘রাডারের পর্দা থেকে বিমানটি উধাও হয়ে যাওয়ার আগ মুহূর্তে কিছু শব্দ ধরা পড়েছে, যা কোনো স্বাভাবিক বিমান ফ্লাইটে হয় না।’