ব্ল্যাক বক্সের তথ্যেও বোমায় বিধ্বস্ত হওয়ার আভাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে বিধ্বস্ত রাশিয়ার বিমানটির ব্ল্যাক বক্সের তথ্য এবার আভাস দিল বোমা হামলার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে। ফ্রান্স বলেছে, ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া থেকে মিসরগামী সব ফ্লাইট স্থগিত করার নির্দেশ দিয়েছেন। খবর এএফপির।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তের সঙ্গে সম্পৃক্ত একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে বিমানে রাখা বোমা বিস্ফোরণে সেটি বিধ্বস্ত হওয়ার ‘পক্ষে বলিষ্ঠ’ আভাস মিলেছে।
ফ্রান্সও মনে করে ইঞ্জিনের ব্যর্থতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি। তদন্তে সম্পৃক্ত একজন প্যারিস থেকে জানান, বিমানটি ‘হঠাৎ করে, প্রচণ্ডভাবে’ বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, উড্ডয়নের সময় সবকিছু স্বাভাবিক ছিল, একেবারেই স্বাভাবিক ছিল।
এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছিলেন, বিমানে রাখা বোমা বিস্ফোরণের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বিমানটি বোমায় বিধ্বস্ত হয়েছে বলে মত প্রকাশ করেছিলেন।
পুতিন-সিসি ফোনালাপ: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট সিসি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা রাশিয়ার বিমানগুলোর নিরাপত্তাব্যবস্থা বৃদ্ধির জন্য সমন্বয় জোরদার করার ব্যাপারে একমত হয়েছেন।
আটকা পড়েছে ৮০ হাজার রুশ পর্যটক: রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে রাশিয়া থেকে মিসরগামী সব বিমান স্থগিত করার কারণে মিসরে আটকা পড়েছে ৮০ হাজার রুশ পর্যটক। পর্যটকদের অনেকেই রাশিয়ায় ফেরার জন্য বিমানবন্দরে গেলেও তাদের দেশে ফেরা সম্ভব হয়নি। মিসর কর্তৃপক্ষ তাদের নিজ নিজ হোটেলে ফেরত পাঠায়। বিমানবন্দরে কড়াকড়ি বিধিনিষেধের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় কোনো কোনো পর্যটক।