ব্ল্যাকবক্স উদ্ধারে স্রোতের সঙ্গে লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাভা সাগরের তলায় এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের সম্ভাব্য পেছনের অংশের (টেইল) সন্ধান পাওয়া গেলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্ল্যাকবক্স উদ্ধার করা সম্ভব হয়নি। খবর এএফপির।
গতকাল জাকার্তায় এক সংবাদ সম্মেলনে অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান হেনরি বামবাং সোয়েলিস্তি বলেন, সকালে নৌবাহিনীর ডুবুরিরা টেইলের কাছে পৌঁছালেও তীব্র স্রোতের কারণে সেটির ভেতরে ঢুকতে পারেননি তাঁরা। পাশাপাশি এক মিটারের বেশি দূরের কিছু দেখতে না পাওয়ায় তাঁরা শুধু বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ তুলে নিয়ে আসতে সক্ষম হন।
গত বুধবার বিধ্বস্ত এয়ারএশিয়ার উড়োজাহাজের কাঠামোর শেষ অংশের সন্ধান পাওয়ার ঘোষণা দেন ইন্দোনেশিয়ার উদ্ধারকারী কর্মকর্তারা। ‘টেইল’ বা পুচ্ছ হিসেবে পরিচিত উড়োজাহাজের শেষ অংশেই ব্ল্যাকবক্স থাকে। ব্ল্যাকবক্সে ফ্লাইট সম্পর্কিত তথ্য রেকর্ড হয়ে থাকে।