বড় সংস্কারের প্রস্তাব ইরাকি প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হায়দার আল এবাদি
হায়দার আল এবাদি

ভাইস প্রেসিডেন্ট এবং উপপ্রধানমন্ত্রীর পদ বাতিল করাসহ বড় ধরনের প্রশাসনিক সংস্কার আনতে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। ইরাকিদের কাছে শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির আহ্বানে সাড়া দিয়ে এ জন্য অধ্যাদেশ জারি করেছেন তিনি। এবাদির প্রস্তাব মন্ত্রিসভা গতকালই অনুমোদন করেছে। খবর এএফপি ও আল জাজিরার।
প্রধানমন্ত্রী এবাদির ফেসবুক পেজে গতকাল রোববার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগের তদন্ত করবেন। সরকারের ঊর্ধ্বতন পদে দল ও সাম্প্রদায়িক পরিচয়কে ছাপিয়ে পেশাগত যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পুনর্নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সরকারি ব্যয় কমাতে শীর্ষ পদাধিকারী ব্যক্তিদের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত ব্যক্তিদের সংখ্যাও কমানো হবে।
পর্যবেক্ষকেরা বলছেন, এবাদির এ ঘোষণা ইরাক সরকারের ভেতরে ব্যাপক নাড়া দিয়েছে।
দুর্নীতি ও নিম্নমানের পরিষেবার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে ইরাকের বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এরই মধ্যে গত শুক্রবার মুফতি সিস্তানি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে উল্লেখ করে এ আহ্বান জানিয়েছিলেন তিনি।
ইরাকে এখন ভাইস প্রেসিডেন্টের পদ তিনটি। দেশটিতে এ পদে দায়িত্বের চেয়ে সরকারি সুযোগ-সুবিধাই বেশি। এই পদে রয়েছেন এবাদির অন্যতম প্রতিদ্বন্দ্বী নুরি আল-মালিকি, সাবেক পার্লামেন্ট স্পিকার ওসামা আল-নুজাইফি এবং সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আইয়াদ আলায়ি।
এদিকে প্রধানমন্ত্রী এবাদির পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণার আগেই মালিকি এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর সংস্কার প্রস্তাবে সমর্থন রয়েছে তাঁর। ফলে মালিকির সঙ্গে মতৈক্যের ভিত্তিতেই প্রস্তাবিত পরিবর্তন আনা হচ্ছে বলেও ধারণা করছেন কেউ কেউ।
দুর্নীতি ও নানা অনিয়ম অবসানের দাবিতে এর আগেও প্রতিবাদ করেছে ইরাকিরা। তবে তা বিশেষ অর্থবহ পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।