বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল উত্তর কোরিয়া বিরোধী বিক্ষোভ হয় l এএফপি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল উত্তর কোরিয়া বিরোধী বিক্ষোভ হয় l এএফপি

উত্তর কোরিয়া তাদের সর্বশেষ ও সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর বিশ্লেষকেরা বলছেন, দেশটি এখন প্রতিবেশী ও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদপত্র এমনকি এ আশঙ্কাও করছে, তাদের রাজধানী সিউলে উত্তর কোরিয়া হামলাও চালাতে পারে।
দক্ষিণ কোরিয়ার সরকার ও জনগণ প্রতিবেশী উত্তর কোরিয়ার কাছ থেকে প্রায়ই হুমকি-ধমকি পেয়ে অভ্যস্ত। তাই সিউলের গতকাল শনিবার তেমন ভাবান্তর দেখা যায়নি। কিন্তু খবরের কাগজগুলো বলছে, পিয়ংইয়ংয়ের শুক্রবারের পারমাণবিক অস্ত্র পরীক্ষাটি সবকিছু পাল্টে দিয়েছে। ১০ কিলো টনের অস্ত্রটি আকারে ১৯৪৫ সালের আগস্টে হিরোশিমায় বিস্ফোরিত পারমাণবিক বোমার তিন ভাগের দুই অংশের সমান হলেও বিধ্বংসী ক্ষমতার বিবেচনায় এগিয়ে রয়েছে। উত্তর কোরিয়া মাত্র আট মাস আগেই আরেকটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পিয়ংইয়ং দাবি করছে, তারা ক্ষেপণাস্ত্রে সংযোজনের উপযোগী একটি পারমাণবিক বিস্ফোরকেও সফল পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া তাদের পারমাণবিক কর্মসূচির আওতায় একটি ডুবোজাহাজ বা সাবমেরিনসহ বেশ কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে।
তবে শুক্রবারের পরীক্ষাটি ছিল উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রের। আগের অস্ত্রটির তুলনায় কম সময়ে তারা এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পেরেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বায়াং-সে তাঁর সহযোগী কর্মকর্তাদের বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সামর্থ্য বেশ জটিল বলে মনে হচ্ছে। তারা শক্তিশালী ক্ষমতার অস্ত্র এখন আগের চেয়ে দ্রুত তৈরি করতে পারছে।
কোরিয়া ইনস্টিটিউট অব ন্যাশনাল ইউনিফিকেশনের (কেআইএনইউ) বিশ্লেষক জেউং ইয়ং-তায়ে বিশ্ববাসীকে এখন সতর্কতার সঙ্গে বাস্তবতা মেনে নিতে হবে। আর সেটা হলো, উত্তর কোরিয়া এখন ক্ষেপণাস্ত্রের সাহায্যে পারমাণবিক হামলা চালাতে পারে। অবশ্য সেই অস্ত্রের পাল্লা এখনো অজানা।
যুক্তরাষ্ট্রের মনটেরিতে অবস্থিত মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ইস্ট এশিয়া ননপ্রলিফারেশন প্রোগ্রামের পরিচালক জেফ্রি লুইস বলেন, উত্তর কোরিয়ার ওই পরীক্ষা চালানোর ঘোষণা থেকেই ইঙ্গিত পাওয়া যায়, ক্ষেপণাস্ত্রে সংযোজনের উপযোগী বোমার বিস্ফোরণই তারা ঘটিয়েছে। আর এটা খুব বড় ব্যাপার। পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি বিশ্ববাসীর ধারণার চেয়েও বেশি জটিল। আগে তাঁরা মনে করতেন, রাজনৈতিক শক্তি দেখানোর লক্ষ্যেই উত্তর কোরিয়া মাঝেমধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
সিউলে অবস্থিত ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, মনে হচ্ছে উত্তর কোরিয়া এখন সিউলের ওপর হামলা চালানোর মতো ছোটখাটো ক্ষেপণাস্ত্র অথবা জাপানের ওপর আঘাত হানার উপযোগী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সফল হয়েছে। তবে হাওয়াই দ্বীপপুঞ্জ অথবা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হয়তো এখনো তাদের হাতে নেই।
পারমাণবিক কর্মসূচিতে উত্তর কোরিয়া এখন যে অবস্থানে আছে, শাসক পরিবর্তন হলেও সেটা অটুট থাকতে পারে বলে মনে করেন ইয়াং। তাঁর মতে, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম হোসেনের মতোই উত্তর কোরিয়া এই ভয়ংকর ধারণা নিয়ে আছে যে সম্ভাব্য মার্কিন অভিযানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রই তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র নিশ্চয়তা হতে পারে।