বড়দিন উদ্যাপন নিষিদ্ধ করল চীনা বিশ্ববিদ্যালয়
চীনের একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং একটি শহরের স্থানীয় কর্তৃপক্ষ কিছুসংখ্যক বিদ্যালয়ে বড়দিন বা ক্রিসমাস উদ্যাপন নিষিদ্ধ করেছে। খবর এএফপি ও রয়টার্সের।
রাষ্ট্র পরিচালিত বেইজিং নিউজ জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের জিয়ানে অবস্থিত মডার্ন কলেজ অব নর্থইস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বড়দিনকে ‘অসার পশ্চিমা উৎসব’ আখ্যা দিয়ে এর উদ্যাপন নিষিদ্ধ করে। এর পরিবর্তে ছাত্রদের প্রাচীন দার্শনিক কনফুসিয়াসের ওপর নির্মিত একটি চলচ্চিত্র দেখানো হয়।
পশ্চিমাঞ্চলীয় শহর ওয়েনজুর বিদ্যালয়গুলোতে বড়দিনের অনুষ্ঠান পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় সরকারি কর্তৃপক্ষ। স্থানীয় শিক্ষা দপ্তর থেকে বলা হয়, ‘বিদ্যালয়গুলো পশ্চিমা ঐতিহ্যের বদলে চীনা ঐতিহ্যের ব্যাপারে অধিক মনোযোগী হবে বলে প্রত্যাশা করি।’ বিপুলসংখ্যক খ্রিষ্টানের বসবাস হওয়ায় ওয়েনজু শহরকে ‘চীনা জেরুজালেম’ বলা হয়। তবে এ বছর শহরটির ৪০০টির বেশি গির্জাকে চোখে পড়ার মতো জায়গা থেকে ক্রুশ চিহ্ন সরিয়ে নিতে বাধ্য করা হয়। কিছু পুরোপুরি ভেঙেও ফেলা হয়।