ভয় দেখিয়ে দুর্নীতি দমন!

ওয়াং কিশানের সবচেয়ে প্রিয় অস্ত্র ‘ভয়’। এই ‘ভয়’কে অবলম্বন করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দেশে দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে। বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে এটা দেশের সবচেয়ে টেকসই ও ব্যাপক অভিযান। সেই অভিযানের অন্যতম সারথি ওয়াং। তিনি প্রায়ই তাঁর তদন্ত কর্মকর্তাদের ভয়ের মধ্যে রাখেন।
সম্প্রতি দ্য ইকোনমিস্ট সাময়িকীর এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াং ২০১২ সালের নভেম্বরে দলের কেন্দ্রীয় কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের (সিসিডিআই) দায়িত্ব নেন। এর পর থেকে সরকারের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে যমের মতো ভয় করেন। অনেকে আবার দুর্নীতির দলিলপত্র জমা দিয়ে তাঁদের অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
মনে হতে পারে, ওয়াংয়ের প্রধান লক্ষ্য ভয় দেখিয়ে কাজ আদায় করা। কর্মকর্তাদের তিনি এই বলে তটস্থ রাখেন যে উচ্চপর্যায়ের দুর্নীতির আবরণ উন্মোচন করতে ব্যর্থ হলে তা কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করা হবে। এক সময়ের ব্যাংকার ও বেইজিংয়ের সাবেক মেয়র ওয়াং এর আগে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্স ভাইরাস রোধে ও ২০০৮-০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে চীনকে রক্ষা করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নেতৃত্বে পেশাগত গুণের কারণে ওয়াং সজ্জন হিসেবে পরিচিত। প্রভাব-প্রতিপত্তি বিচারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পরই তাঁর অবস্থান। দুর্নীতিবাজেরা তাঁকে সবচেয়ে বেশি ভয় পায় বলে মনে করা হয়।
ওয়াং আমলাতন্ত্র ও রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার মধ্যে দুর্নীতির বিষয়ে ভয় ঢুকিয়ে দিয়েছেন। দুর্নীতির তদন্তে ওয়াংয়ের সঙ্গে হাজারো তদন্ত কর্মকর্তা রয়েছেন। আইনি বাধ্যবাধকতা ছাড়াই সন্দেহভাজনদের আটক ও জিজ্ঞাসাবাদে এসব কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে।
তাঁরা প্রতিরক্ষাব্যবস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখছেন। এমনকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন বিষয় ও পিপল লিবারেশন আর্মিও এ থেকে বাদ যাচ্ছে না। সরকারনিয়ন্ত্রিত ও সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানও তাঁদের তালিকা থেকে বাদ যাচ্ছে না।
দুর্নীতির কারণে দেশটির এক-তৃতীয়াংশের বেশি প্রদেশের দলের ঊর্ধ্বতন নেতারা পদচ্যুত হয়েছেন। দুর্নীতির দায়ে কয়লাখনির এলাকা বলে পরিচিত শানজি প্রদেশে দলের ১৩ নেতা পদচ্যুত হয়েছেন।
চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতির দায়ে পদচ্যুত হয়েছেন। এ তালিকায় রয়েছে আরও অনেক নাম। দুর্নীতির বিষয়ে তথ্য আদায়ে তাঁদের ওপর চাপ প্রয়োগসহ নির্যাতন করা হয়েছে। গোপনে নির্যাতন করে তথ্য বের করার আইনবহির্ভূত এ পদ্ধতিটি ‘শুয়ানংগগি’ নামে পরিচিত।
বেশ কিছু জেনারেল ও দলের অনেক সাবেক সহায়তাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দলের কর্মকর্তাদের দীর্ঘ সময় ধরে ভয় দেখানোর শুয়ানংগগি পদ্ধতি নির্মম বলে অভিহিত করা হচ্ছে। অনেক কর্মকর্তা বলেন, তাঁরা ওয়াংয়ের চেয়ে শয়তানের মুখোমুখি হতে অধিক পছন্দ করবেন।
আমলাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দলের পক্ষে জানানো হয়েছে, অনেক কর্মকর্তা এ অভিযানে এতটাই ভড়কে গেছেন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয় তাঁরা এড়িয়ে যান।
গত ৬ মার্চ শানজি প্রদেশের দলের প্রধান জানান, দুর্নীতির তদন্ত কর্মকর্তাদের অভিযানে প্রদেশের প্রায় ৩০০টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এর মধ্যে তিনটি শহরের ঊর্ধ্বতন দলের কর্মকর্তার পদও শূন্য রয়েছে। শানজি প্রদেশের দুর্নীতির দুর্নামের কারণে অনেক কর্মকর্তা এ পদগুলোর জন্য আবেদনে অনিচ্ছুক।
চীনা প্রেসিডেন্ট শি ক্ষমতা গ্রহণের পর দল থেকে দুর্নীতি দূর করার ঘোষণা দেন। হত্যার হুমকি পাওয়ার পরও তিনি দমে যাননি। এর আগে শি জিনপিংয়ের পূর্বসূরিরা দুর্নীতি দূর করার বিষয়ে অঙ্গীকার করলেও সেভাবে কাজ হয়নি। এ ক্ষেত্রে শি হলেন ব্যতিক্রম। কয়েক বছর ধরে চীনে প্রায় ১০ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। তবে এ ক্ষেত্রে বাধা হিসেবে রয়েছে দেশে জালের মতো ছড়িয়ে পড়া দুর্নীতি। শি জিনপিং ও ওয়াং কিশানের মতো নেতারা এখন তা ঝেঁটিয়ে দূর করতে তৎপর।
এমন কর্মকাণ্ডে চীনের উচ্চপর্যায়ের এক শ্রেণির মানুষ মহাবিরক্ত। বিতর্ক রয়েছে চীনের নেতৃত্ব নিয়েও। দলের নেতৃত্বের একটি অংশ দ্রুত দুর্নীতিবিরোধী এ অভিযানের অবসান চায়। তাদের দাবি, এমন অভিযান আমলাতন্ত্রের মনোবল ভেঙে দিচ্ছে। শেষ পর্যন্ত দলীয় চাপে শি দুর্নীতিবিরোধী অভিযানে কতটুকু সফল হতে পারবেন, সেটাই দেখার বিষয়।