ভাবমূর্তি বদলাতে নতুন নীতি দলিল হামাসের

প্রতিষ্ঠা সনদের পর থেকে প্রথম নিজেদের একটি নতুন নীতিগত দলিল প্রকাশ করল ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাস। সংগঠনটির নেতারা মনে করছেন, এই দলিল তাঁদের ভাবমূর্তি ইতিবাচক করতে সাহায্য করবে।
নতুন দলিলে হামাস প্রথমবারের মতো ১৯৬৭-পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি অন্তর্বর্তী ফিলিস্তিনী রাষ্ট্র মেনে নিতে রাজি হয়েছে। তবে ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে না। এতে আরও বলা হয়েছে, হামাসের লড়াই ইহুদিদের সঙ্গে নয়, বরং ‘জায়নবাদী আগ্রাসীদের’ বিরুদ্ধে। ইহুদিবিরোধী বক্তব্যের জন্য অনেকে হামাসের ১৯৮৮ সালের সনদের সমালোচনা করে থাকেন।
হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন, ‘এই দলিল আমাদের বহির্বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ এনে দিল। বিশ্বের প্রতি আমাদের বার্তা হলো, হামাস চরমপন্থী সংগঠন নয়। আমাদের আন্দোলন হলো বাস্তববাদী ও মার্জিত। আমরা ইহুদিদের ঘৃণা করি না। শুধু তাদের বিরুদ্ধেই অস্ত্র ধরি, যারা আমাদের ভূমি দখল করেছে এবং আমাদের লোকজনকে হত্যা করছে।’
ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও অন্য কয়েকটি বিশ্বশক্তি সামগ্রিক বিচারে হামাসকে এবং কোনো কোনো ক্ষেত্রে এর সামরিক শাখাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ডেভিড কিয়েস বলেন, ‘হামাস গোটা বিশ্বকে বোকা বানাতে চায়। কিন্তু তারা সফল হতে পারবে না।...সন্ত্রাসী হামলার জন্য সংগঠনটি সুড়ঙ্গ তৈরি করে। ইসরায়েলের বেসামরিক মানুষের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটাই হলো হামাসের প্রকৃত রূপ।’
প্রতিষ্ঠাকালীন সনদে থাকলেও নতুন নীতিতে হামাসের পৃষ্ঠপোষক মিসরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের কথা উল্লেখ করা হয়নি। সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মিসর সরকার ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে।
বিশ্লেষকেরা বলছেন, হামাস নতুন নীতিগত দলিল প্রকাশের মধ্য দিয়ে মিসর, উপসাগরীয় দেশগুলোসহ বহির্বিশ্বের সঙ্গে নিজেদের সম্পর্কোন্নয়ন করতে চায়। ওই দেশগুলোতে ব্রাদারহুড নিষিদ্ধ।
সন্ত্রাসী হামলা ঠেকাতে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা এক দশক ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ও মিসর। এর ফলে ফিলিস্তিনের এই অঞ্চলটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।