মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ভারত ও চীনকে দোকালাম নিয়ে সীমান্ত উত্তেজনা নিরসনে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে। পেন্টাগনের পরামর্শ, এ আলোচনায় কোনো ‘জোরজবরদস্তির’ আবহ থাকবে না।
ভারত ও চীনের সেনারা চীনের তিব্বত অঞ্চলের সর্বদক্ষিণ অংশ দোকালামে মুখোমুখি অবস্থানে। ভারতের মিত্র ভুটানও এলাকাটির মালিকানার দাবিদার। এক মাস আগে ভারতের সেনারা সেখানে চীনের সেনাবাহিনীর সড়ক তৈরির উদ্যোগে বাধা দেওয়ার পর থেকে এ পরিস্থিতি চলছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র গ্যারি রস পিটিআইকে বলেন, ‘আমরা ভারত ও চীনকে উত্তেজনা হ্রাসের জন্য সরাসরি আলোচনায় যুক্ত হতে উৎসাহিত করছি, যাতে কোনো জোরজবরদস্তির দিক থাকবে না।’
মুখপাত্র গ্যারি রস এ ইস্যুতে কোনো পক্ষ নিতে অস্বীকৃতি জানান। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে পেন্টাগন মনে করে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আরও তথ্যের জন্য আপনাদের ভারত ও চীনের সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলব। আমরা এ ধরনের বিষয়ে আগাম মন্তব্য করব না।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও একই ধরনের মন্তব্য করেছে।