ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক ব্যাংককে
ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক গতকাল রোববার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জঙ্গিবাদ এবং কাশ্মীর প্রসঙ্গ নিয়ে ‘আন্তরিক’ আলোচনা হয় বলে দুই দেশের এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে। খবর এএফপির।
এই বৈঠকটি এ বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত সেই বৈঠক বাতিল করে। প্যারিসের জলবায়ু সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে পার্শ্ব বৈঠকের পর গতকালের এই বৈঠক অনুষ্ঠিত হলো বলে বিবৃতিতে জানানো হয়। দু্ই দেশের এই বৈঠককে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
বৈঠকে ভারতের পক্ষে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের পক্ষে নাসির জানজুয়া উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রসচিবেরাও ছিলেন।
যুক্ত বিবৃতিতে বলা হয়, ‘আলোচনায় শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ, জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা হ্রাসের বিষয়গুলো স্থান পায়।’ সেখানে বলা হয়, ‘বৈঠকের পরিবেশ ছিল খোলামেলা, আন্তরিক ও গঠনমূলক।’
১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর ভারত ও পাকিস্তান তিনটি যুদ্ধে জড়িয়ে পড়ে। এর মধ্যে দুটিই ছিল কাশ্মীরকেন্দ্রিক। কাশ্মীরের দুটি অংশ এই দুই দেশ শাসন করে। তবে দুটি দেশই কাশ্মীরের পূর্ণ অংশ দাবি করে।
অনুমতি পাননি ভারতীয় কূটনীতিক: ভারতের একজন কূটনীতিককে পাকিস্তান সরকার সে দেশের লাহোর শহরে যাওয়ার অনুমতি দেয়নি। এতে করে সেখানে আয়োজিত সার্ক বাণিজ্য মেলায় ভারতের কূটনৈতিক মিশনের কোনো স্টল স্থাপন করা যায়নি। খবর এনডিটিভির।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্যদেশগুলো দ্বাদশ সার্ক বাণিজ্য মেলায় অংশ নেয়। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররাম দস্তগীর খান গত শুক্রবার মেলার উদ্বোধন করেন। ভারতের অন্তত ৫০ জন ব্যবসায়ী তিন দিনের ওই মেলায় (৪ থেকে ৬ ডিসেম্বর) অংশ নেন। সার্ক দেশগুলোর কূটনৈতিক মিশনের স্টল বসানোর জন্য সেখানে জায়গাও বরাদ্দ দেওয়া হয়। তবে ভারতীয় হাইকমিশনের প্রধান সমন্বয়কারী ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার অনুমতি পাননি।