ভারত থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপাল ভারতে নিযুক্ত তার রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়কে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া দেশটির প্রেসিডেন্টের আসন্ন কাঠমান্ডু সফরও বাতিল করা হয়েছে। গতকাল শনিবার নেপালি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এ ঘটনা কয়েক মাসের উত্তেজনার পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আবারও চাপের মুখে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জোটসঙ্গী মাওবাদীরা গত সপ্তাহে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল। এতে বিরোধী নেপালি কংগ্রেসের হয়ে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে রাষ্ট্রদূত দীপ কুমারের বিরুদ্ধে। মাওবাদীদের ওই ঘোষণায় পার্লামেন্টে ব্যাপক অনিশ্চয়তা দেখা দেয়। পরে অবশ্য তারা ওই হুমকি প্রত্যাহার করে নেয়। অলি সরকারের পতন ঘটানোর এ চেষ্টায় ভারতের সায় ছিল বলে কেউ কেউ মনে করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা কাঠমান্ডুতে বলেন, উপাধ্যায় নেপালি কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ এবং সরকার পরিবর্তনের চেষ্টায় দৃশ্যত ভেতর থেকে কোনো ভূমিকা রেখেছিলেন। সেটাই তাঁকে সরিয়ে নেওয়ার প্রধান কারণ।
প্রধানমন্ত্রী অলির পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গোপাল খানাল কোনো সুনির্দিষ্ট কারণ না উল্লেখ করে বলেন, দেশকে ঠিকমতো প্রতিনিধিত্ব না করলে কোনো দূতকে প্রত্যাহারের অধিকার সরকারের আছে।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়, নেপালের মন্ত্রিসভার বৈঠকে গতকাল রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়কে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রদূত দীপ কুমারের বিরুদ্ধে সরকারের অভিযোগ হলো, তিনি প্রধানমন্ত্রী অলির নেতৃত্বাধীন সরকারকে উৎখাতে কাঠমান্ডু ও দিল্লিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
মন্ত্রিসভার বৈঠকের আগে সকালে দীপ কুমারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী অলি। এর আগে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির ভারত সফর বাতিল করা হয়। সফর বাতিলের ওই খবর আগে রাষ্ট্রদূতকে জানানো হয়নি।
এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় রাষ্ট্রদূত তাঁর প্রতিক্রিয়ায় বলেন, যখন নেপাল-ভারত সম্পর্ক নতুন করে এগোচ্ছে, ঠিক সেই সময়ে তাঁকে প্রত্যাহারের বিষয়টি শোভন হলো না। এমনকি প্রেসিডেন্টের ভারত সফর বাতিলের কথাও তাঁকে আদৌ জানানো হয়নি। খবরে বলা হয়, তখন প্রধানমন্ত্রী অলি বলেন, এ নিয়ে আপত্তি থাকলে আপনি পদত্যাগ করতে পারেন।
নেপালের প্রধানমন্ত্রীর একজন শীর্ষ সহযোগী জানান, রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়কে নিয়ে আগে থেকেই অস্বস্তিতে ছিলেন প্রধানমন্ত্রী।