ভারত-নেপাল সীমান্তে অবরোধ প্রত্যাহারে রাজি মদেশীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে আন্দোলনরত মদেশীয়রা নেপাল-ভারত সীমান্তে অবরোধ তুলে নিতে রাজি হয়েছে। তবে সংবিধান সংশোধন না করা পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছে তারা। খবর কাঠমান্ডু পোস্টের।
সীমান্ত-সংলগ্ন বিজুলি বাজারে গতকাল মঙ্গলবার তরাই মদেশ লোকতান্ত্রিক পার্টির (টিএমএলপি) কার্যালয়ে এক সভায় অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে যোগ দেওয়া এক নেতা বলেন, ‘সীমান্তে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব। তবে আমরা পণ্য পরিবহনকারী যানবাহন চলাচলে কোনো বাধা সৃষ্টি করব না।’
নতুন সংবিধান সংশোধনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল মদেশীয় সংগঠনগুলো। নতুন সংবিধানে নেপালে সাতটি প্রদেশ সৃষ্টি করা হয়। এতে তারা বঞ্চনার শিকার হবে বলে অভিযোগ এনে দু্ই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সপ্তাহ দু-এক আগে থেকে তারা ভারত-সংলগ্ন নেপাল সীমান্তে অবরোধ শুরু করে।