ভারত-পাক বৈঠক নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আচমকা বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংসদের উভয় কক্ষে বিরোধীরা এই বিষয়ে প্রশ্ন তুললে সরকারের পক্ষ থেকে বলা হয়, এ নিয়ে ঠিক সময়ে সরকার সংসদে সবকিছু জানাবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামীকাল মঙ্গলবার পাকিস্তানে যাচ্ছেন। সেখানে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় বিষয় নিয়েও তিনি কথা বলবেন। দিল্লি ফিরে বৃহস্পতিবার সুষমা সংসদে বিবৃতি দেবেন বলে সংসদীয় প্রতিমন্ত্রী মুকতার আব্বাস নাকভি আজ সোমবার রাজ্যসভায় জানান।

ব্যাংককে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও নাসির খান জানুজার বৈঠকটি একবারে আচমকাই শুধু নয়, চরম গোপনীয়তার মধ্য দিয়ে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। তাঁদের সঙ্গে বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরী। বৈঠক সম্পর্কে কোনো দেশের কারও কাছেই আগাম কোনো খবর ছিল না। কাকপক্ষীকে জানতে না দিয়ে এই বৈঠক কেন?—সেই প্রশ্ন তোলেন কংগ্রেসের আনন্দ শর্মা, মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। মনীশ তিওয়ারি বলেন, দেশ ও জাতির প্রতি এটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। সরকারের পক্ষ থেকে সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, সরকার ঠিক সময়েই সংসদে সবকিছু জানাবে।

ভারত ও পাকিস্তানের ভৌগোলিক সীমানার বাইরে দুই দেশের মধ্যে সরকারি স্তরে দ্বিপক্ষীয় বৈঠক এই প্রথম। এর আগে বিদেশের মাটিতে ‘ট্র্যাক টু’ কূটনীতি হয়েছে। থাইল্যান্ডেই হয়েছে। কিন্তু সরকারি পর্যায়ে বৈঠক এই প্রথম। কেন এই লুকোছাপা? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের মতে, দুই দেশের কট্টরপন্থীদের এড়াতেই এই সাবধানতা। প্যারিসে বিশ্ব জলবায়ু বৈঠকের আসরে দুই প্রধানমন্ত্রীর মোলাকাতের সময়েই এই বৈঠকের ক্ষেত্র প্রস্তুত হয়। বোঝাই যাচ্ছে, সেই বৈঠকও পরিকল্পনা অনুযায়ীই হয়েছিল, সেই সাক্ষাৎ হঠাৎ ছিল না।

ব্যাংকক বৈঠক চলে টানা চার ঘণ্টা ধরে। তার পর একটি যুগ্ম বিবৃতি প্রচার করা হয়। সেই বিবৃতিতে সন্ত্রাস, জম্মু-কাশ্মীর ও নিরাপত্তাসহ বকেয়া সব বিষয় নিয়েই আলোচনার কথা বলা হয়েছে। প্রশ্ন উঠছে এ নিয়েও। রাশিয়ার উফায় দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মতান্তর ও জেদাজেদির ফলে বৈঠক ভেস্তে যায়। সেই বৈঠকই ব্যাংককে হলো এবং আলোচনার স্তরে কাশ্মীরও উঠে এল।

আফগানিস্তান নিয়ে ইসলামাবাদের বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সুষমা এই সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সরতাজ আজিজের সঙ্গে বৈঠক করবেন।