ভারত, পাকিস্তান ও বাংলাদেশের 'মহা সংগঠন' চান পাসোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় ভোক্তা, খাদ্য ও সরবরাহ মন্ত্রী রাম বিলাস পাসোয়ান ভারত, পাকিস্তান ও বাংলাদেশ মিলে একটি ফেডারেশন বা তাঁর ভাষায় ‘মহা সংগঠন’ গড়ার পক্ষে মত দিয়েছেন। এই মহা সংগঠনে তিনি মুক্তবাণিজ্য এবং অভিন্ন মুদ্রা ব্যবস্থা রাখা যেতে পারে বলেও অভিমত দেন। তিনি মনে করেন, এটি করা গেলে এই অঞ্চলে সন্ত্রাস বন্ধ হবে।

গতকাল সোমবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাসোয়ান এই অভিমত দেন বলে ইকোনমিক টাইমস জানিয়েছে।

পাসোয়ানের আগে গত শনিবার ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছিলেন, একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আবার এক হয়ে যাবে। এর ফলে এক অখণ্ড ভারতের সৃষ্টি হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধব এ কথা বলার পর আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

মাধবের সেই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে গতকাল পিটিআইকে পাসোয়ান বলেন, ‘আমরা বলতে পারি না যে এই তিন দেশ একত্র হবে কি না। তারা যদি সত্যিই হয় তবে তা খুব ভালো হবে। তারা যদি একটি অভিন্ন দেশ না-ও হতে চায় তবে একটি মহা সংগঠন তৈরি করতে পারে।’

পাসোয়ান বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একসময় এক দেশ ছিল। এখন ভিন্ন তিন দেশ ফেডারেশন গঠন করে অভিন্ন মুদ্রা চালু, মুক্ত বাণিজ্য এবং মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারে। তিনি বলেন, বৃহত্তর পরিসরে এর ফলে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।

পাসওয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক পাকিস্তান সফরের প্রশংসা করে বলেন, সীমান্তের উভয় দিকের মানুষ ‘স্থায়ী বন্ধুত্ব’ চায়। শুধু সন্ত্রাসীরাই দিল্লি ও ইসলামাবাদের মধ্যে সুসম্পর্কের বিরোধিতা করে।