ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের সীমান্তে গোলাগুলিতে গতকাল শুক্রবার দুই দেশের অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কাশ্মীর বিতর্কের কারণে গত সপ্তাহে দুই দেশের মধ্যকার জাতীয় উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পর এ ঘটনা ঘটল। খবর রয়টার্স ও এএফপির।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে ছয়জন নিহত হয়। আর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রামে গোলায় নিহত হয় চারজন গ্রামবাসী। দুই দেশের সরকারি সূত্রের দাবি, সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
গোলাগুলি কীভাবে শুরু হলো, তা নিয়ে দুই দেশ একে অপরকে দোষারোপ করেছে। পাকিস্তান রেঞ্জারসের মুখপাত্র মেজর ওয়াহিদ বুখারি বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাতে কোনো উসকানি ছাড়াই ভারতের পক্ষ থেকে গুলিবর্ষণ শুরু হয়। আমরা এর প্রতিরোধে গুলি চালাই।’ হামলায় ছয়জন নিহত এবং ৪৬ জন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ২২ জন নারী।
অপরদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মুখপাত্র রাকেশ কুমার শর্মা দাবি করেছেন, সাধারণ নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তানই প্রথম মর্টার নিক্ষেপ শুরু করে। বিএসএফের আরেক কর্মকর্তা জে এস ওবেরয় বলেন, হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। ভারতের ১০টি সীমান্তচৌকি এবং গ্রাম লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান।
গতকাল ছিল ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শেষ হওয়ার ৫০তম বার্ষিকী। টুইটার বার্তায় সেই দিনটিকে স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘১৯৬৫ সালের যুদ্ধের ৫০তম বার্ষিকীতে আমি সেই যুদ্ধে প্রাণ দেওয়া সাহসী যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর পাকিস্তান ও ভারত যে তিনটি যুদ্ধে জড়িয়ে পড়ে, এর মধ্যে দুটিই হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে। এখনো সেই কাশ্মীরই দুই দেশের মধ্যকার সব উত্তেজনার কেন্দ্রে রয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং পাঞ্জাব সীমান্তে সাম্প্রতিক সময়ে সংঘর্ষের ঘটনা বেড়েছে। গত বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের একটি এলাকা থেকে এক পাকিস্তানি জঙ্গিকে ধরার ঘোষণা দেয় ভারত। এর আগের দিনই সংঘর্ষে তিনজন নিহত হয়।
এরই মধ্যে গত রোববার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। বহু প্রতীক্ষিত সেই বৈঠক শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে যায়।
একমাত্র হুমকি ভারত: পাকিস্তানের একমাত্র সামরিক হুমকি ভারত, এমনটাই মনে করে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষাবিষয়ক কমিটির সদস্যরা বৃহস্পতিবার জয়েন্ট স্টাফ (জেএস) হেডকোয়ার্টার্সে গেলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের এ কথা জানানো হয়।