ভারত-পাকিস্তানের উপদেষ্টাদের গোপন বৈঠক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা আজ রোববার ব্যাংককে গোপন বৈঠক করেছেন। বৈঠকে উপদেষ্টারা শান্তি, নিরাপত্তা এবং জম্মু ও কাশীর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এনটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে কুশল বিনিময়ের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের সময় দুই দেশের পররাষ্ট্রসচিবেরা উপস্থিত ছিলেন।
একটি সূত্র বলছে, এই বৈঠকটি আগামী বছর পাকিস্তানে সার্ক সম্মেলনে নরেন্দ্র মোদির অংশগ্রহণের সম্ভাবনাকে জোরালো করতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস, জম্মু কাশ্মীর এবং অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়েছে।
দক্ষিণ এশিয়ার চীর প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী সর্বশেষ গত জুলাইয়ে রাশিয়ায় বৈঠক করেন। তখন দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরুর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে আশাবাদী হয়ে উঠেছিলেন অনেকে। এরপর দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক করায় নয়াদিল্লির পক্ষ থেকে উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল করা হয়।
সম্প্রতি দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে। এসব হামলার জন্য পরস্পরকে দায়ী করছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তান সরকার সন্ত্রাসীদের মদদ দেয় বলে অভিযোগ নয়াদিল্লির। তবে সে অভিযোগ বারবার অস্বীকার করে আসছে ইসলামাবাদ।