ভারত-পাকিস্তানের সমস্যা সমাধান যুদ্ধে নয়, সংলাপে
ভারতের সঙ্গে সমস্যা সমাধানের পথ যুদ্ধ নয়। সেনায় ভারত-পাকিস্তানের সমস্যার সমাধান হবে না। একমাত্র সমাধানের পথ সংলাপ। এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দুটো দেশের সঙ্গে উত্তেজনাকর সম্পর্ক উত্তরাধিকার সূত্রে পেয়েছে পাকিস্তানের বর্তমান সরকার।
আল জাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এসব কথা বলেছেন।
বিবিসি উর্দু বিভাগকে এক সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস। তিনি সাক্ষাৎকারে বলেন, দক্ষিণ এশিয়ার শান্তির জন্য আঞ্চলিক সমৃদ্ধি গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কাজ করার জন্য তিনি পাকিস্তানের প্রতি আহ্বান জানান। এ আহ্বানের জবাবে এসব কথা বলেছেন শাহ মেহমুদ কুরেশি। তবে তিনি বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে পাকিস্তানের নতুন সরকার।
২৬ জুলাই ভারতের প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব প্রসঙ্গে কুরেশি বলেন, ভারতের সঙ্গে গঠনমূলক সংলাপের পথ খোঁজাই পাকিস্তানের নতুন সরকারের নীতি। তিনি বলেন, ‘আমরা যা যা করেছি, তার কিছু অর্থ আছে। প্রতিবেশী দুটি দেশেরই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইস্যু। এর মধ্যে অন্যতম পারমাণবিক শক্তি। সমস্যার সমাধান কীভাবে আপনি করবেন, তা বড় ব্যাপার। সমস্যা সমাধানে যুদ্ধ কোনো বিকল্প পন্থা নয়। সামরিক হস্তক্ষেপ কোনো সমাধান নয়। একমাত্র সমাধান হতে পারে সংলাপে।’
অ্যালিস ওয়েলস বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপন প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছেন, তাকে স্বাগত জানাই।’ তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের পদক্ষেপকে স্বাগত জানাই। দুই দেশের সমস্যা সমাধানে আমরা যেকোনো ভালো পদক্ষেপকে স্বাগত জানাই।’ তথ্যসূত্র: ডন।