ভারত মহাসাগরে ৫৮ কঠিন বস্তুর সন্ধান মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজটির (এমএইচ৩৭০) খোঁজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে অনুসন্ধানকারী দলটি ভারত মহাসাগরের তলায় ৫৮টি কঠিন বস্তু পেয়েছে। এতে উড়োজাহাজটির নিখোঁজ-রহস্য সমাধানে নতুন আশার সঞ্চার হয়েছে। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিমান সংস্থার একটি উড়োজাহাজ গতকাল মাঝপথ থেকে ফিরে আসে। খবর পিটিআই ও রয়টার্সের।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই কুয়ালালামপুরে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা বস্তুগুলো এমএইচ৩৭০ থেকে ভেসে এসেছে কি না, তা যাচাই করে দেখতে হবে।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় ফ্লাইট এমএইচ৩৭০। আন্তর্জাতিক অনুসন্ধানী দল বহু তল্লাশি চালিয়েও এর কোনো ধ্বংসাবশেষ পায়নি।
আবার ঝামেলায় উড়োজাহাজ: অটো পাইলট-ব্যবস্থার ত্রুটির কারণে ভারতের হায়দরাবাদগামী মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ফিরে এসেছে। বিমান সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে কুয়ালালামপুর থেকে হায়দরাবাদের উদ্দেশে বিমানটি ছেড়ে যায়। এটি রাত দুইটা ১০ মিনিটে ফিরে আসে। যাত্রী ও বিমানের কর্মীরা অক্ষত রয়েছেন। নিরাপত্তার বিবেচনায় ক্যাপ্টেন ফিরে আসার সিদ্ধান্ত নেন।