ভারত সফরে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিনের সফরে ভারতে পৌঁছেছেন। গতকাল বুধবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান। মোদি আশা করেন, পুতিনের এই সফর ফলপ্রসূ হবে এবং এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
পুতিনকে স্বাগত জানিয়ে মোদি তাঁর টুইটারে রুশ ও ইংরেজিতে বার্তা পাঠিয়েছেন। বার্তায় লিখেছেন, পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।
বার্তায় মোদি বলেন, ‘রাশিয়া ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক খুব মজবুত। ভালো ও মন্দ সব সময় দুই দেশ একে অপরের পাশে ছিল। সময় বদলেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব নয়। এখন আমরা এ সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাই। আর পুতিনের এই সফর সেই লক্ষ্যে পৌঁছানোর একটি পদক্ষেপ।’
পুতিন এমন এক সময় ভারত সফরে গেলেন, যখন ইউক্রেন-সংকট নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন চলছে।