ভারত সার্কের ক্ষতি করেছে: নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) ক্ষতিগ্রস্ত করেছে। গত বছর ইসলামাবাদে সার্কের যে নির্ধারিত সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল, ভারত তা থেকে পিছটান দিয়েছে।
মালদ্বীপ সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারত সার্কের শুধু ক্ষতিই করেনি বরং আঞ্চলিক এই সংস্থাটির গতিও কমিয়ে দিয়েছে। তিনি রাজধানী মালেতে দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এ অঞ্চলের উন্নয়নে সার্ককে একটি গতিশীল সংস্থায় পরিণত করতে দুটি দেশই অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এ খবর প্রকাশ করেছে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি শহরে সন্ত্রাসী হামলায় ৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে সার্ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেয় ভারত। এরপর আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটানও সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকাংশ দেশের বর্জনের ঘোষণার কারণে সে বছর সার্ক সম্মেলন বাতিল করা হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় কাশ্মীর প্রসঙ্গেও কথা বলেন নওয়াজ শরিফ। মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাহমুদ নাশিদের নেতৃত্বাধীন বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এক বিবৃতিতে বলা হয়, যৌথ সংবাদ সম্মেলনে নওয়াজ শরিফ ভারতকে আক্রমণ করে কথা বলার সময় মালদ্বীপের প্রেসিডেন্ট কোনো কথা বলেননি। নওয়াজ শরিফ যখন বলছিলেন যে মালদ্বীপ ও পাকিস্তান সার্কের বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে, তখনো প্রেসিডেন্ট চুপচাপ ছিলেন। বিবৃতিতে বলা হয়, ‘সার্কে মালদ্বীপের অবস্থান বিষয়ে প্রেসিডেন্ট কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় আমরা সত্যিই অবাক হয়েছি।’
ইসলামাবাদে সার্ক সম্মেলন বাতিল হয়ে যায় এই অঞ্চলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে। ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ এবং সেই সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ওই সময় অত উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। এ সময় প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেনকে ২০০৮ সালের ৩ নভেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় এমডিপি। দলটির পক্ষ থেকে বলা হয়, ভারত হলো সেই দেশ, যে দেশটি ওই ৩ নভেম্বর এক অভ্যুত্থানচেষ্টার সময় মালদ্বীপকে সহযোগিতা করতে এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে এসেছিল।