অরুণাচল প্রদেশে নতুন সীমান্ত ফাঁড়ি স্থাপনের বিষয়ে ভারতকে সতর্ক করে দিল চীন। চীন গতকাল মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের নতুন কোনো পদক্ষেপ সীমান্ত সমস্যাকে ‘জটিল বা ভিন্নপথে প্রবাহিত’ করতে পারে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।
ভারত গত শুক্রবার অরুণাচলে ৫৪টি নতুন সীমান্তচৌকি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল পিটিআইকে পাঠানো এক ই-মেইল বার্তায় বলেন, বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে চীন যত শিগগির সম্ভব একটি সমাধানে পৌঁছানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য ভারতের সঙ্গে কাজ করছে চীন। তবে সীমান্ত প্রশ্নে চূড়ান্ত সমঝোতার আগে বেইজিং আশা করে, পরিস্থিতিকে জটিল করে তোলা বা ভিন্নপথে প্রবাহিত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া থেকে নয়াদিল্লি বিরত থাকবে। মুখপাত্র দাবি করেন, সীমান্ত পরিস্থিতি প্রশ্নে চীনের অবস্থান সংগত এবং সুস্পষ্ট।
সপ্তাহ দুয়েক আগে ভারত অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের পরিকল্পনা ঘোষণা করলে চীন এর বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই তখন বলেন, ‘সীমান্ত সমস্যার সমাধান হওয়ার আগে পরিস্থিতিকে আরও জটিল করে তোলার মতো কোনো পদক্ষেপ ভারত নেবে না—এমনটাই আমরা আশা করি। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের যৌথভাবে কাজ করতে হবে এবং চূড়ান্ত সমঝোতার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
চীনের ওই বক্তব্যের জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দেওয়া কারোরই উচিত নয়। দুই পক্ষকেই সংলাপের মধ্য দিয়ে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে।
এরপর ভারত ও চীনের কর্মকর্তারা আলোচনা ও সমন্বয়ের কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে নয়াদিল্লিতে এক বৈঠকে অংশ নেন। এ সময় সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তে শান্তিরক্ষা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
চীন ও ভারত গত সেপ্টেম্বরেই লাদাখ অঞ্চলে পরস্পরের বিরুদ্ধে মোতায়েন করা সেনা প্রত্যাহারের ব্যাপারে সম্মত হয়। এতে করে সীমান্তে এক বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত মুখোমুখি অবস্থানের ইতি ঘটে।
চীন-ভারত সীমান্ত বিরোধ বেশ পুরোনো। এর জেরে ১৯৬২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছে। চীন ভারতের অরুণাচলকে তার তিব্বত অঞ্চলের অংশ বলে দাবি করে থাকে।
ভিয়েতনামের জন্য ভারতীয় অস্ত্র: এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশ ভিয়েতনামের সামরিক বাহিনীর আধুনিকায়নে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। নয়াদিল্লিতে সফররত ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের সঙ্গে সাক্ষাতের পর মোদি এ কথা বলেন। তিনি জানান, ভারত টহল নৌযান সরবরাহ করবে। এ ধরনের লেনদেন চীনকে অসন্তুষ্ট করবে বলে মনে করা হচ্ছে। টহলযানসহ অস্ত্র সরঞ্জাম কেনার জন্য ভারত ভিয়েতনামকে সম্প্রতি ১০ কোটি ডলারের ঋণ দিয়েছে। দক্ষিণ চীন সাগরে সমুদ্রসীমা নিয়ে চীনের সঙ্গে আরও কয়েকটি প্রতিবেশীর পাশাপাশি ভিয়েতনামের সঙ্গেও তিক্ত বিরোধ চলছে।