ভারতকে 'গ্যারান্টার' চায় মধেশীয়রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় ভারতকে ‘গ্যারান্টার’ বা নিশ্চয়তাদানকারী হিসেবে যুক্ত করার দাবি জানিয়েছেন দেশটির মধেশীয় অঞ্চলের প্রধান নেতা রাজেন্দ্র মাহাতো। মধেশীয়দের ক্ষোভ নিরসনে নেপালে বেশ কিছু সাংবিধানিক সংশোধনী বাস্তবায়নের কয়েক দিন আগে তাঁর এ মন্তব্য এল। খবর দ্য হিন্দুর।
নেপালের নতুন সংবিধান নিয়ে সম্প্রতি মধেশীয় অঞ্চলে বিক্ষোভের সময় পুলিশের আক্রমণে আহত হন রাজেন্দ্র। এরপর চিকিৎসা নিতে তিনি ১৫ দিন আগে দিল্লি পৌঁছান। চিকিৎসা শেষে কাঠমান্ডুর উদ্দেশে দিল্লি ছাড়ার আগে দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মধেশীয় লোকজনের আন্দোলন নিয়ে কথা বলেন।
মধেশীয় সমতল ভূমির লোকজনের কয়েক মাসের আন্দোলনের জেরেই নেপাল সংবিধানে সংশোধনী আনতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে রাজেন্দ্র বলেন, এই প্রক্রিয়ায় ভারতকে একটি নিশ্চয়তাদানকারী পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত।