ভারতীয় উপকূল থেকে দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতের আশঙ্কায় ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল এলাকা থেকে অন্তত দেড় লাখ মানুষকে গতকাল শনিবার সরিয়ে নেওয়া হয়েছে। হুদহুদের আঘাতে আজ রোববার দেশটির উপকূলীয় অঞ্চলের বহু জেলেপল্লি বিপর্যস্ত হতে পারে। খবর রয়টার্স, বিবিসি ও ইন্ডিয়া টুডের।

গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশিত খবর অনুযায়ী অন্ধ্রের বিশাখাপত্তম বন্দর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল হুদহুদ। আজ দুপুরের আগেই এটি অন্ধ্র প্রদেশ এবং ওডিশা উপকূল স্পর্শ করবে বলে জানানো হয়েছে।   

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) হুদহুদকে ‘অত্যন্ত ভয়াবহ ঘূর্ণিঝড়’ আখ্যা দিয়েছে। এটির প্রভাবে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির ঝড় এবং ২৪ দশমিক পাঁচ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্ধ্র প্রদেশে মোট তিন লাখ মানুষকে বহুতল ভবন, আশ্রয় ও ত্রাণকেন্দ্রগুলোতে স্থানান্তরের পরিকল্পনা ছিল। এদিকে আরও উত্তরে অবস্থিত ওডিশা রাজ্যের কর্তৃপক্ষও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। সেখানে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় তিন লাখ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।   

বছরের এই সময়টায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় প্রায় নিয়মিত ঘটনা। দক্ষিণ-পূর্ব ভারত এবং বাংলাদেশের উপকূলে এই প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হুদহুদ নামের উৎস: কাঠঠোকরার মতো দেখতেঝুঁটিওয়ালা একধরনের পাখিকে আরবি ভাষায় হুদহুদ বলা হয়। ওই পাখির নামেই এ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে ঘূর্ণিঝড়ের নামকরণের প্রচলন বেশি দিনের নয়। তবে আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ হচ্ছে সেই ১৯৫৩ সাল থেকে। কোনো নির্দিষ্ট ঘূর্ণিঝড়কে শনাক্ত করার জন্য জনসাধারণ এবং গণমাধ্যমের সুবিধার্থে এ ধরনের নামকরণ হয়ে থাকে। ইতিমধ্যে এ অঞ্চলের আটটি দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—আটটি করে মোট ৬৪টি নামের একটি তালিকা তৈরি করেছে আসন্ন ঘূর্ণিঝড়গুলোর জন্য। বর্ণানুক্রমিকভাবে এবারের ঘূর্ণিঝড়টির নামকরণের দায়িত্ব পেয়েছে ওমান।