ভারতীয় কনস্যুলেটে হামলাকারীরা নিহত

আফগানিস্তানের জালালাবাদ শহরে ভারতীয় কনস্যুলেটকে টার্গেট করে আজ বুধবার হামলা চালানো সন্ত্রাসী দলটির সদস্যদের গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত ও ১৯জন আহত হন। রয়টার্স জানায়, ওই এলাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ নয়াদিল্লিতে এএফপিকে বলেন, ‘আমাদের কনস্যুলেটকে টার্গেট করা হয়েছিল। কিন্তু সেখানকার সবাই নিরাপদে আছেন।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, একটি গাড়িতে এই বোমা রাখা ছিল। গাড়িটি চালাচ্ছিল হামলাকারীদের একজন। কনস্যুলেটের কাছাকাছি এসে আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটানো হয়।এ সময় কনস্যুলেটের কাছাকাছি থাকা ভবনগুলোর দরজা-জানালা কেঁপে ওঠে। আটটি গাড়ি ধ্বংস হয়। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সাধারণ লোকজন ওই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সেখানে নিরাপত্তা সাঁজোয়া যানকে ছুটে যেতে দেখা যায়।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খুজয়ানি বলেন, কনস্যুলেট কম্পাউন্ডে ঢোকার আগেই চার হামলাকারীকে হত্যা করা হয়েছে। তাদের টার্গেট ছিল ভারতীয় কনস্যুলেট। কিন্তু টার্গেটে পৌঁছানোর আগেই আমাদের নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছে।
খুজয়ানি বলেন, এই হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯জন।