
চার দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চীন ছেড়েছেন গতকাল মঙ্গলবার। তাঁর এই সফরের পর চীনের গণমাধ্যম বলছে, ভারতের কূটনীতি ‘বাস্তবানুগ’। ভবিষ্যতে বেইজিং-দিল্লি সম্পর্ক উষ্ণ হওয়ার পথ প্রশস্ত হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। খবর বিবিসি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এ সফরে সুষমা স্বরাজ আগামী মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের দিনক্ষণ ঠিক করেন। ভারত-চীন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকেও যোগ দেন তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে চীন ও রাশিয়া ২১ সদস্যের জোট এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সদস্য হিসেবে ভারতকে অন্তর্ভুক্ত করতে তাদের সমর্থন ব্যক্ত করে। ভারতে চীনের পর্যটকদের আকৃষ্ট করতে সুষমা ‘ভিজিট অব ইন্ডিয়া ইয়ার’ কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর এ সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল গত সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ। চীনের পত্রপত্রিকা ও বিশেষজ্ঞরা বলছেন, এই সাক্ষাৎ ‘অভাবনীয়’। এর অর্থ হচ্ছে শি দিল্লির সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। সচরাচর শি পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ দেন না।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা চীনে ত্রিদেশীয় বৈঠকে যোগ দেওয়ায় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একে ভারতের ‘বাস্তবানুগ’ কূটনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে। তারা বলে, ভারত যে ভারসাম্য চায় এতে তাই প্রমাণিত হলো।
শ্রীলঙ্কায় চীনের সাবেক রাষ্ট্রদূত ওয়াং ইউশেং লিবারেশন ডেইলিতে এক নিবন্ধে লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে ভারত ও চীনের অবস্থান প্রায় একই। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করছে। ঐতিহাসিক কিছু সমস্যা আছে, সেগুলোরও ইতি ঘটবে।’
গ্লোবাল টাইমস-এর চীনা ভাষার সংস্করণে বলা হয়, দুটি দেশের সীমান্ত নিয়ে সমস্যা আছে। তবে তাদের নেতারা সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়িয়েছেন।