ভারতে করোনায় মৃত ছাড়াল ১ লাখ, সুস্থ ৫৪ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাখ পেরিয়েছে।
ছবি: সংগৃহীত

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল। আর দেশটিতে কোভিড-১৯-এ শনাক্ত মানুষের সংখ্যা ৬৪ লাখ ৭ হাজার। তবে দেশটিতে এ রোগ থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখের বেশি মানুষ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যর বরাত দিয়ে শনিবার এনডিটিভির খবরে এসব কথা বলা হয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ভারতে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল। প্রকৃত সংখ্যা ১ লাখ ৮৪২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ। কোভিড-১৯ মহামারিতে রোগী শনাক্ত অনুসারে ভারতের অবস্থায় দ্বিতীয়। এ ক্ষেত্রে সবার ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভিডে মৃত্যুর হিসাব করলে বিশ্বের বাকি দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান তৃতীয়। প্রথম ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, এরপরই দ্বিতীয় ব্রাজিল। আবার করোনা থেকে সুস্থতার হারে ভারত বিশ্বের এক নম্বরে অবস্থান করছে। ভারতের পরে আছে ব্রাজিল ও আমেরিকা।

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল শুক্রবার রাতে ভারতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ পেরিয়ে যায়। ভারতে কোভিডে মৃত্যু বেড়ে হয়েছে ১ লাখ ৭৬৮ জন। আক্রান্ত ৬৪ লাখের বেশি। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ১৫ হাজার ১৯৭ জন। শুধু সেপ্টেম্বর মাসে নতুন ২৩ লাখের বেশি মানুষ ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনের, যা মোট মৃত্যুর ৩৩.৭ শতাংশ। আগস্টে মাসে মোট মৃতের সংখ্যা ছিল ২৮ হাজার ৮৫৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ভারতের মধ্যে এখনো করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরই রয়েছে যথাক্রমে অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও দিল্লি। দিল্লির ঠিক পরই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এই ৭টি রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সর্বশেষ ২৪ ঘণ্টার (শনিবার সকালে) হিসাবে ভারতের মৃত্যুর ৬৭ শতাংশ এই সাত রাজ্যে। মহারাষ্ট্রে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লাখ ৯২২, অন্ধ্র প্রদেশে ৭ লাখ ৬ হাজার ৭৯০, কর্ণাটকে ৬ লাখ ২০ হাজার ৬৩০, তামিলনাড়ুতে ৬ লাখ ৮ হাজার ৮৮৫, উত্তর প্রদেশে ৪ লাখ ৬ হাজার ৯৯৫, দিল্লিতে ২ লাখ ৮৫ হাজার ৬৭২ ও পশ্চিমবঙ্গে ২ লাখ ৬৩ হাজার ৩৬৪ জন।

এদিকে করোনাভাইরাসে বৈশ্বিক সংক্রমণ ৩ কোটি ৪৮ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ।