ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক প্রযুক্তির বাণিজ্য নিয়ন্ত্রণকারী জোট নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সম্মতির পরপরই এর ঘোর বিরোধিতা করেছে পাকিস্তান। দেশটি বলছে, বর্তমানে ৪৮ সদস্যের এ গ্রুপে ভারতের প্রবেশ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। তবে পাকিস্তান নিজেও এ গ্রুপে যোগ দিতে তৎপর।
যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির পক্ষেই তাঁর দেশ। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এনএসজির সদস্য রাষ্ট্রগুলোকে চিঠি দিয়ে আপত্তি না জানানোর আবেদন জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের সম্মতির পরপরই এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করে পাকিস্তান। সেই সঙ্গে মার্কিন প্রশাসনের প্রতি ইসলামাবাদকে সমর্থনেরও আহ্বান জানানো হয়।
চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়তে প্রকাশিত একটি মন্তব্য উদ্ধৃত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। ওই মন্তব্যে বলা হয়, ‘পরমাণু অস্ত্রের ব্যবহার সীমিত করতে আন্তর্জাতিক এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি ভারত। কাজেই এনএসজিতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা এখনো অর্জন করেনি দেশটি।’
তবে এ বিষয়ে ভারতের পক্ষে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন ক্রমেই বাড়ছে। গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে নিজেদের সমর্থনের কথা জানান মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। মোদির যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তে একই ইস্যুতে সমর্থন দেয় সুইজারল্যান্ডও।
এদিকে পাকিস্তান এনএসজিতে তার অন্তর্ভুক্তির ব্যাপারটি এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে জোটটির সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকদের নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেছে। এতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের প্রধান তাসনিম আসলাম বলেন, ‘শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য এনএসজি নিয়ন্ত্রিত পণ্য ও সেবা সরবরাহে পাকিস্তানের অভিজ্ঞতা, জনবল, অবকাঠামো এবং সক্ষমতা সবই আছে।’